ঘাটাইলে লোকালয়ে বাঘ আতঙ্ক
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের ঘাটাইলে লোকালয়ে বাঘ বিচরণের খবরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বন্যপ্রাণীটি দিনে লোকালয়ে চলে আসায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ঘাটাইল উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে শুক্রবার সকালে বাঘসদৃশ প্রাণীটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর থেকে এলাকার বাসিন্দারা সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। বন্যপ্রাণীটির গায়ে ডোরা কাটা দেখে স্থানীয়রা এটিকে চিতা বাঘ বলে ধারণা করছেন।
স্থানীয় ইউপি সদস্য হালিম মিয়া জানান, স্থানীয় একটি পার্কের পশ্চিম পাশে একটি জঙ্গলে সকাল সাড়ে ৯টার দিকে ডোরা কাটা দুটি বাঘ দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরে আমি বিষয়টি ইউএনওকে জানালে বন বিভাগের কর্মকর্তারা আসে। হঠাৎ লোকালয়ে এমন হিংস্র প্রাণীর উপস্থিতির খবরে এলাকার শিশু ও স্কুলগামী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতে চাচ্ছে না। যদিও বন বিভাগের তরফ থেকে এটিকে মেছো বাঘ বলে জানিয়েছে। কিন্তু আসলে এটা চিতা বাঘ। জানতে চাইলে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা এমরান আলী বলেন, বিষয়টি শোনার পর এলাকায় যাই। সেখানে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা যায়। আসলে এটি মেছো বাঘ। এটি কোনো হিংস্র প্রাণী নয়। যেখানে বন্যপ্রাণী বাস করার কথা, সেখানে তো এখন মানুষের বাস। এ কারণে তারা লোকালয়ে চলে এসেছে। এ নিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হতে বলেছি।
