সাজেকে বাড়ির সামনে চাকমা নারীকে গুলি
রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাড়ির সামনে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে শুকনাছড়া ১০ নম্বর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নারী ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য সুরেশ চাকমার স্ত্রী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় কয়েকজন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রাত পৌনে ৯টার দিকে অরুণা চাকমা (৩০) নামের ওই নারী বাড়ির বাইরে বসে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে শটগান দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। তার ডান পা ও ডান হাতে গুলি লেগেছে। স্থানীয়রা আহত অবস্থায় অরুণাকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মধ্যরাতে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা, কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, ২২ অক্টোবর থেকে এই অঞ্চলে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যে হামলার ঘটনা ঘটল। বর্তমানে ওই নারী আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ওসি আরও জানান, কারা, কী কারণে এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ থানায় এখনো লিখিত অভিযোগ দেননি।
