২ লাখ টাকা দাবি
খুলনার সাবেক সিভিল সার্জেনকে গুলির হুমকি
খুলনা অফিস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. সুজাত আহমেদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে নগরীর একটি শীর্ষ সন্ত্রাসী চক্র। রোববার রাতে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ফোন এবং বার্তা পাঠিয়ে ‘বি’ কোম্পানির পরিচয়ে এ চাঁদা দাবি করা হয়। একটি ব্যাংক হিসাব নম্বর পাঠিয়ে চাঁদা না দিলে গুলির হুমকিও দেওয়া হয়েছে।
ডা. সুজাত আহমেদ বলেন, রাত ১১টার দিকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ফোন এবং বার্তা পাঠিয়ে নগরীর শীর্ষ সন্ত্রাসী চক্র ‘বি’ কোম্পানির পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা পাঠানোর জন্য একটি ব্যাংক হিসাব নম্বরও দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে তিনি অপরিচিত নম্বরের ফোন ধরছেন না। নিরাপত্তাহীনতার কারণে এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। এ ঘটনায় তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ৭ নভেম্বর নগরীর খানজাহান আলী সড়কের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে সন্ত্রাসী নূর আজিম বাহিনীর সদস্যরা। ওই ঘটনার পর থেকেই প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানের ম্যানেজার জাহিদ জানান, রোববার কয়েক দফায় ফোন করে চাঁদা দাবি করা হয়। প্রথমে ৩০ লাখ, পরে ২০ লাখ এবং সর্বশেষ ১০ লাখ টাকা চাওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়-এত টাকার মালামাল তাদের নেই, এমনকি এত টাকা দেওয়ার সামর্থ্যও প্রতিষ্ঠানের নেই। তখন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়-‘চাঁদা না দিতে পারলে রাত ১১টার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করে দিবি।’ জাহিদ বলেন, তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নূর আজিম পরিচয়ে হুমকি দেওয়া হয়। হুমকির পর কর্তৃপক্ষ রাত ১১টার আগে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। সোমবার দুপুর পর্যন্ত সেটি বন্ধ ছিল।
তিনি আরও বলেন, সোমবার গণমাধ্যমকর্মীরা প্রতিষ্ঠানের সামনে থেকে সরাসরি সম্প্রচার শুরু করলে বিষয়টি নূর আজিমের নজরে আসে। এরপর তিনি প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে ফোন করে বলেন, প্রতিষ্ঠান না খুললে তোদের হত্যা করা হবে। আর আমার কথা বললে এবার গুলি হবে। এ হুমকির পর কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে দুপুর ১টার পর আবারও প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে তাদের সঙ্গে ফোনে কথা হওয়ার পর ব্যবসাপ্রতিষ্ঠানটি খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তারা প্রতিষ্ঠানটি চালু করেছেন।
