মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা
জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য
বড়লেখা ও কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের জুড়ী থানা থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন নারী পুলিশ (কনস্টেবল) সদস্য। তার নাম শম্পা রানী দাস। এ সময় ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় থানা ভবন থেকে আনুমানিক দেড়শ মিটার দূরে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, শম্পা রানীর স্বামীও জুড়ী থানায় কর্মরত। এই পুলিশ দম্পতি থানা কমপ্লেক্সের সন্নিকটে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে থানায় ডিউটি শেষে হেঁটে বাসায় ফিরছিলেন শম্পা। যাওয়ার পথে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের পাশের রাস্তায় ফাঁকা স্থানে অজ্ঞাত দুই যুবক মুখ চেপে ধরে তাকে তুলে নেওয়া ও তার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা চালায়। ওই নারী পুলিশ সদস্যের চিৎকারে দুই ছিনতাইকারী দ্রুত রেলস্টেশনের দিকে চলে যায়। তবে তারা কোনো কিছু ছিনিয়ে নিতে পারেনি।
জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলের আশপাশে বিভিন্ন সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে। দুই তরুণের একজন শম্পার পিছু নেয় এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়। এর কিছুক্ষণ পর, আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে।
