Logo
Logo
×

Advertisement

খবর

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টায় বাদীর নারাজি

আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনায় ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টার ১৪ বছর আগের ঘটনায় করা মামলায় তদন্ত কর্মকর্তার দেওয়া চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) প্রত্যাখ্যান করে আদালতে নারাজি আবেদন করেছেন মামলার বাদী রায়হান বিন কামাল। বুধবার খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক ফারুক ইকবালের কাছে তিনি এ আবেদন জমা দেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট স্বপন দাস বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বাদীকে জিজ্ঞাসাবাদ করেননি, সাক্ষীদের বক্তব্য নেননি। এমনকি চিকিৎসা নেওয়া হাসপাতালের কাগজপত্রও সংগ্রহ করেননি। প্রাণভয়ে বাদী পালিয়ে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়েছিলেন। অথচ তদন্ত কর্মকর্তা আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে ফাইনাল রিপোর্ট জমা দিয়েছেন। এসব কারণে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করা হয়েছে।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ মার্চ খুলনার পিটিআই মোড়ের অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ির উদ্দেশে রওয়ানা হন রায়হান বিন কামাল। পথে সিটি কলেজ ছাত্রলীগের তৎকালীন ভিপি প্রার্থী বিএম মহিমের নেতৃত্বে ১৪-১৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার হাতের রগ কেটে যায়। ওই সময় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হামলার শিকার হন তৎকালীন সিটি কলেজ ছাত্রদলের ভিপি প্রার্থী রায়হান বিন কামাল ও এজিএস প্রার্থী ইশতিয়াক আহমেদ ইস্তি।

বাদীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ঘটনার পর মামলা নেওয়া হয়নি। পরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ঘটনার প্রায় ১৪ বছর পর মামলা করেন রায়হান বিন কামাল। তিনি বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা সদর থানার সদস্য সচিব।

মামলার বাদী রায়হান বিন কামাল বলেন, ঢাকার একটি হাসপাতালে দুই দিন আইসিইউতে থাকার পর আমার জ্ঞান ফেরে। পরে চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নিতে হয়। আমার শারীরিক অবস্থা দেখে বাবা হৃদরোগে আক্রান্ত হন। ঘটনার ছয় মাসের মধ্যেই তিনি মারা যান। বাবার মৃত্যুর জন্য এখনো পরিবারের সদস্যরা আমাকে দায়ী করেন। ওই ঘটনার পর থেকে আমি আর খুলনায় ফিরতে পারিনি।

তিনি বলেন, মামলা হওয়ার পর একাধিকবার আসামিদের অবস্থান পুলিশকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এছাড়া তিন দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ তদন্ত কর্মকর্তা কিছু না জানিয়েই আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে আমি নারাজির আবেদন করেছি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমরান হোসাইন বলেন, মামলা প্রমাণের মতো কোনো কাগজপত্র বাদী সরবরাহ করতে পারেননি। চিকিৎসার প্রতিবেদন চেয়ে হাসপাতালের সুপারকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। সাক্ষী হাজির করার জন্য সদর থানার মাধ্যমে বাদীকেও একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো সাক্ষী বা প্রয়োজনীয় নথিপত্র দিতে পারেননি। কোনো প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া যায় না। তাই মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টায় বাদীর নারাজি আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

মাউশি রংপুর অফিস উপপরিচালককে শাস্তিমূলক বদলি

উপপরিচালককে শাস্তিমূলক বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম