প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি চাকরিপ্রার্থীদের
নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। একই সঙ্গে শিক্ষা ভবনসহ শিক্ষা প্রশাসনে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি তাদের (দালাল) গ্রেফতারের দাবি জানানো হয়েছে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ১-১২তম নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এ দাবি জানান। এরপর তারা মিছিল ও সমাবেশ করেন। তিন দফা দাবি আদায়ে তারা সাত দিনের আলটিমেটাম দিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে হাজার হাজার চাকরিপ্রার্থী ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
চাকরিপ্রার্থীরা জানান, ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে একটি অনলাইনের সম্পাদক ১-১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেন। এর প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি নিয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। তারা বলেন, ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৯,৮৪২ জনের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন : ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। আগামী ডিসেম্বরের মধ্যে অথবা জানুয়ারির মধ্যে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন।
সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা অংশ নেন।
সুপারিশবঞ্চিত প্রার্থী মুনিয়া তাসনিম বলেন, আমরা কোনো অনিয়ম বা বিশেষ সুবিধা চাইতে আসিনি। দীর্ঘ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েই শিক্ষক নিবন্ধনের সনদ অর্জন করেছি। প্রায় ১৯ লাখ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ উত্তীর্ণ হয়েছি। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও আমরা নিয়োগ পাচ্ছি না।
কর্মসূচি থেকে তিন দফা দাবি তুলে ধরেন প্রার্থীরা। দাবিগুলো হলো-১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা; বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা; এবং সনদের মেয়াদ ও বয়সসীমা বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।
