এক যুগে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
পররাষ্ট্র ও পার্বত্য মন্ত্রণালয় কোনো কাজ করেনি * ৪ মাসে বাস্তবায়ন ৬ শতাংশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ৪ মাস অতিক্রান্ত হলেও উন্নয়ন কর্মকাণ্ড চলছে ঝিমিয়ে। জুলাই-অক্টোবর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। যা এক যুগে সর্বনিম্ন। এই হার গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় দুই শতাংশ কম। এছাড়া ৮ মন্ত্রণালয় ও বিভাগ এক শতাংশও উন্নয়ন কাজ করেনি। এর মধ্যে দুই মন্ত্রণালয় বসে থেকেই ৪ মাস পার করে দিয়েছে। রোববার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।
আইএমইডি মাসওয়ারি ডাটা দেওয়া শুরু করে ২০১৩-১৪ অর্থবছর থেকে। সেই অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৪ শতাংশ। সে হিসাবে এবারের এডিপি বাস্তবায়ন হার শুধু এক যুগে নয় ইতিহাসে সর্বনিম্ন বলেও ধারণা করা হচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের এডিপির আকার ছিল ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকা। অর্থবছরের ৪ মাসে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগ মিলে ব্যয় করেছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। যা শতকরা ৬ দশমিক ৫৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবায়ন হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরে ৭ দশমিক ৯০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ১১ দশমিক ৫৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ১২ দশমিক ৬৪ শতাংশ ছিল। এছাড়া ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত ১০ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন হয়েছে। একক মাস হিসাবেও এডিপি বাস্তবায়নে দৈন্যদশা ফুটে উঠেছে। শুধু অক্টোবর মাসে এডিবি বাস্তবায়ন হয়েছে ২ দশমিক ৬৪ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৩ দশমিক ২৩ শতাংশ।
পররাষ্ট্র ও পার্বত্য মন্ত্রণালয়ের শূন্য অগ্রগতি : চলতি অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ১৮৫ কোটি ৭৬ লাখ টাকা। তবে অর্থবছরের ৪ মাস পার হলেও এখনো কাজই শুরু করেনি সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়। এছাড়া একই চিত্র দেখা গেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে। ১০টি প্রকল্পের বিপরীতে ৯৫৬ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত কোনো কাজ করেনি তারা।
নামেমাত্র কাজ হয়েছে ৬ মন্ত্রণালয়-বিভাগে : এক শতাংশেরও কম কাজ করেছে এমন তালিকায় রয়েছে ৬ মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।
এগিয়ে প্রাথমিক ও গণশিক্ষা : সার্বিক অগ্রগতি হতাশাজনক হলেও কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি সন্তোষজনক। এর মধ্যে বাস্তবায়ন হারে সবচেয়ে এগিয়ে আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারা বাস্তবায়ন করেছে ২৪ দশমিক ১৫ শতাংশ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ২৩ দশমিক ৭৬ শতাংশ। স্থানীয় সরকার বিভাগ বরাদ্দের ২০ দশমিক ৭৪ শতাংশ ব্যয় করেছে। শিল্প মন্ত্রণালয় ১৯ দশমিক ৮০ শতাংশ, ধর্ম মন্ত্রণালয় ১৪ দশমিক ৮০, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ১৮ দশমিক ৩০ শতাংশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৪ দশমিক ৫৬ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।
বছরের বাকি সময়ে বাড়তি চাপ : এডিপি বাস্তবায়নের বর্তমান গতি অব্যাহত থাকলে অর্থবছরের বাকি সময়ে উন্নয়ন বরাদ্দ ব্যয়ে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। ৪ মাসে ৬ দশমিক ৫৩ শতাংশ বাস্তবায়নের পর বাকি ৮ মাসে বরাদ্দের সিংহভাগ অর্থ ব্যয় করতে হবে। বিশেষ করে যেসব মন্ত্রণালয় ও বিভাগ এখনো প্রকল্প বাস্তবায়নে কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি, তাদের জন্য এই চাপ আরও বেশি হবে।
