Logo
Logo
×

Advertisement

খবর

সড়কে আ.লীগের তাণ্ডব

ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার দিনভর বাস চলাচল বন্ধ

Icon

বরিশাল ব্যুরো ও সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, সড়ক অবরোধের ঘটনার প্রভাব পড়েছে ঢাকার সঙ্গে বরিশাল অঞ্চল ও সাতক্ষীরার বাস চলাচলে। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে এসব রুটে দূরপাল্লার বাস চলাচল বৃহস্পতিবার দিনভর বন্ধ রাখেন পরিবহণ মালিকরা। এতে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। রাতে বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক হয়। তবে রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাতক্ষীরা থেকে ঢাকায় কোনো বাস ছেড়ে যায়নি। যাত্রীদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের ঘটনা ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়। মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়িসহ নানা প্রতিবন্ধকতায় সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবরোধের প্রভাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন টেকেরহাট এলাকায় আটকা পড়ে। এতে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহণের ওপর নির্ভর করতে হয় যাত্রীদের।

বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অনেক বাসই গন্তব্যে পৌঁছাতে পারেনি। তবে কিছু বাস বিকল্প পথ ব্যবহার করে। পরবর্তী সময়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় যান চলাচল সীমিত হয়ে যায়। বরিশাল বাস মালিক সমিতির সদস্য নাসির উদ্দিন জানান, বরিশাল থেকে যে বাসগুলো দিনের বেলায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সেগুলো টেকেরহাট গিয়ে যাত্রী নামিয়ে দেয়। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা কোনো বাস বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বরিশালে পৌঁছায়নি।

এদিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় ও পাটকেলঘাটা এলাকার পরিবহণ কাউন্টার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কয়েকটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের খবরে দুপুর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়কে সহিংসতার আশঙ্কা, গাড়ির ক্ষয়ক্ষতি এবং চালক ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের জন্য বিকল্প হিসাবে যশোর হয়ে আরিচা ফেরিঘাট দিয়ে সীমিতসংখ্যক বাস চলাচল করছে। এতে যাত্রার সময় ও ভোগান্তি দুটিই বাড়ছে।

হামদান পরিবহণের পরিচালক রাজিব বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে কোনো পরিবহণ ছেড়ে যায়নি। সমস্যা সমাধান হলে আবার বাস চলাচল চালু হবে।’

আরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে আজই ঢাকায় যেতে হতো। কাউন্টারে এসে জানলাম, পদ্মা সেতু হয়ে কোনো বাস যাবে না। বিকল্প পথে সময় বেশি লাগবে, আবার পথে কী পরিস্থিতি হয়, সেই ভয়ও আছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) শাহীনুর চৌধুরী বলেন, ‘সাতক্ষীরায় বাস চলাচলে নিরাপত্তার কোনো সমস্যা নেই। তবে ঢাকা যাওয়ার পথে কিছু জায়গায় নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আছে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইক দুর্ঘটনায় প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

বাইক দুর্ঘটনায় প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

সড়কে আ.লীগের তাণ্ডব ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার দিনভর বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার দিনভর বাস চলাচল বন্ধ

পাবনা-ঢাকা ট্রেন চলাচল শুরু নির্মাণ হবে ‘ওয়াই-টাইপ’ সেতু : রেলপথমন্ত্রী

নির্মাণ হবে ‘ওয়াই-টাইপ’ সেতু : রেলপথমন্ত্রী

বন্দরে অবশেষে ধরা পড়ল সেই কুমির

বন্দরে অবশেষে ধরা পড়ল সেই কুমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম