Logo
Logo
×

Advertisement

খবর

দোয়া-মোনাজাতে পালন

জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আনুষ্ঠানিকভাবে কোনো দলীয় কর্মসূচি না থাকলেও দোয়া ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ দোয়া, কুরআন খতম এবং দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। রাজধানীর বনানীর নৌবাহিনীর কেন্দ্রীয় মসজিদে গতকাল জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি। জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন সরকারপ্রধান। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ বছরও জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, ব্যানার-পোস্টার লাগানো বা আলোচনা সভার মতো কোনো আড়ম্বরপূর্ণ ও আনুষ্ঠানিক আয়োজন রাখা হয়নি। তবে কেন্দ্রীয় নির্দেশনা না থাকলেও ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনার সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন নেতাকর্মীরা।

শিশুদের সঙ্গে ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বলেন, আমি তোমাদের জন্য উপহার আনছি তো। মনে আছে ওটা। কার কার মনে আছে? ভুলে গেছ! প্রধানমন্ত্রী বলেন, কে কে আছে ক্লাস নাইনে? দশম শ্রেণিতে কেউ নেই? তাহলে তোমরা দুজনে আসো। তোমরা দুজন বড়। সেজন্য ওদের হাতে দিচ্ছি। তোমরা বণ্টন করবে। এ সময় ফুটবলসহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।

৬ নভেম্বর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে খেলাধুলা নিয়ে একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ওইদিন তিনি তাদের জন্য খেলার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে দলীয় ও পেশাজীবী সংগঠনের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মগবাজারের জামিয়া ইসলামীয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

বিকালে মালিবাগে বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদের উদ্যোগে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। পরে কয়েক শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ আর্থিক সহায়তা দেওয়া হয়।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে ঢাকার মগবাজার এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়।

রাজধানীর বাইরে বগুড়া, কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় দোয়া ও মানবিক কর্মসূচি পালিত হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রায় ১৫ হাজার মুসল্লি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রত্যন্ত হাট যেন খনি নিয়ামতপুর নাচোলে ৫ হাজার বস্তা সার জব্দ

নিয়ামতপুর নাচোলে ৫ হাজার বস্তা সার জব্দ

দোয়া-মোনাজাতে পালন জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৪

এনএসইউ ক্যাম্পাসে এনএসইউ পোডিয়াম

এনএসইউ ক্যাম্পাসে এনএসইউ পোডিয়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম