প্রত্যন্ত হাট যেন খনি
নিয়ামতপুর নাচোলে ৫ হাজার বস্তা সার জব্দ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃষি সচিব মো. সেলিম খান ও বিভাগের আট জেলার প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় দাবি করছিলেন কোথাও সারের কোনো সংকট নেই, অবৈধ মজুতও নেই। ঠিক ওই সময়ে নওগাঁর নিয়ামতপুর ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সীমানা ঘেঁষা প্রত্যন্ত হাট খড়িবাড়ির আট গুদামে মজুত সরকারি সার জব্দে অভিযান চলছিল। সেখান থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ৯০০ বস্তার বেশি সার, যার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এর আগে বুধবার রাতে খড়িবাড়ি হাটের পাশের আঘোর হাটের আরেকটি গুদাম থেকেও ২১৪ বস্তা সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুদিনে চার কীটনাশক ব্যবসায়ীর আট গুদাম থেকে মোট ৫ হাজার বস্তার বেশি সার জব্দ করে প্রশাসন।
ভুক্তভোগী কৃষকরা জানিয়েছেন, বরেন্দ্র অঞ্চলের প্রত্যন্ত এলাকায় প্রশাসন যখন সার উদ্ধার অভিযান শুরু করে তখন স্থানীয় কৃষকদের চোখে-মুখে ছিল বিস্ময়। একের পর এক গুদামে শত শত বস্তা সরকারি সার স্তূপাকারে সাজানো। এত সার এক সঙ্গে দেখে কৃষকদের মনে হয়েছে প্রত্যন্ত গ্রামের হাট যেন সারের খনি।
গোয়েন্দা তথ্যের সূত্রে খবর পেয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুনের নেতৃত্বে অভিযান শুরু হয় বুধবার রাতে। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টানা অভিযান শেষে আশপাশের এলাকার কৃষকদের মাঝে উদ্ধার করা এসব সার সরকারি মূল্যে বিক্রয় ও বিতরণ করা হয়।
সূত্র মতে, অভিযানকালে মেসার্স সীমা এন্টারপ্রাইজের মালিক কীটনাশক ব্যবসায়ী নুর আলম সিদ্দিক হোসেনের দুটি গুদাম থেকে মজুত ১ হাজার ২০০ বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। অন্যদিকে একই সময়ে খড়িবাড়ি হাটের কীটনাশক ব্যবসায়ী মেসার্স বুলবুল ট্রেডার্সের মালিক বুলবুল আহম্মেদের দুটি গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা এবং মেসার্স শহিদুল ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামের তিনটি গুদাম থেকে ২ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। বুধবার বিকালে একই উপজেলার আঘোর হাটে আরেক কীটনাশক ব্যবসায়ী মেসার্স আল আমিন ট্রেডার্সের মালিক আল আমিনের একটি গুদাম থেকে ২১৪ বস্তা সার উদ্ধার করা হয়। দুদিনে জব্দ সারের পরিমাণ ৫ হাজার ১১৪ বস্তা। খোঁজ নিয়ে আরও জানা গেছে, বিসিআইসি ও বিএডিসির ডিলাররা রাজশাহী বাফার ও বিএডিসির আঞ্চলিক গুদাম থেকে সার উত্তোলন করে এসব চোরাই ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছেন অনেকদিন ধরে। এসব চোরাই সিন্ডিকেট চড়া দামে আশপাশের চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর নওগাঁর নিয়ামতপুর ও পোরশা এবং রাজশাহীর তানোরের খুচরা ব্যবসায়ী ও কৃষকদের কাছে বিক্রি করেন। অবৈধ এ সার কেনাবেচা সিন্ডিকেটের সঙ্গে এলাকার কৃষি কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে কৃষকরা অভিযোগ করে আসছিলেন। এই বিষয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন জানান, উদ্ধারকৃত সব সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে বিক্রিলব্ধ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। অবৈধ সার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের কাছে সার পৌঁছে দিতে এলাকায় কোনো সিন্ডিকেট রাখা হবে না বলে তিনি উল্লেখ করেন।
