৩শ কোটির সেচ প্রকল্প চান না
বিলে বিলে জোয়ারাধার চালুর দাবি ভবদহবাসীর
যশোর ব্যুরো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পানি আন্দোলনকর্মীরা। একই সঙ্গে ভবদহের সমস্যা সমাধানে আলাদা বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুর দাবি জানানো হয়েছে। পানিসম্পদ ও কৃষিমন্ত্রীর কাছে পাঠানো পৃথক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। যার অনুলিপি খাদ্যমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, ভবদহ জলাবদ্ধতার কথা বলে অপ্রাসঙ্গিক এলাকা যুক্ত করে এবং অবাস্তব তথ্য দিয়ে প্রকল্প থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে। আন্দোলনকারীদের দাবি, সেচ প্রকল্প দিয়ে ভবদহের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, তা অতীতে প্রমাণিত হয়েছে।
বলা হয়েছে, ২০২০ সাল থেকে বৈদ্যুতিক সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টায় কোটি কোটি টাকা ব্যয় হলেও সুফল মেলেনি, বরং পলি জমে নদী ভরাট হয়ে জনদুর্ভোগ বেড়েছে। মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী, গ্যাংরাইলসহ প্রায় ১৩০ কিলোমিটার নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিলের মানুষ জলাবদ্ধতার শিকার। তাদের মতে, চলমান নদী খনন ও স্লুইসগেটের কপাট সচল রাখার পাশাপাশি বিলে বিলে টিআরএম চালু করলে দীর্ঘমেয়াদি সমাধান আসবে। ১৬ মে যশোরের জাতীয় কর্মশালায় গৃহীত পরিকল্পনা ও আইডব্লিউএম-এর চূড়ান্ত প্রস্তাবনা বাস্তবায়নেরও দাবি জানান তারা।
ভবদহবাসী স্পষ্ট করেছেন, অকার্যকর সেচ প্রকল্প নয়, বরং নদী সচল রাখা আর বিলে বিলে টিআরএম চালুই পারে স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে। বলা হয়েছে, প্রস্তাবিত প্রকল্পে ভবদহ এলাকায় ফসল উৎপাদনের যে বর্ণনা দেওয়া হয়েছে, তাও অবাস্তব।
স্মারকলিপি প্রদানকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, বাবুর আলী গোলদার, ইমাদ উদ্দীন গাজী, অধ্যাপক অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, তসলিম উর রহমানসহ নেতারা উপস্থিত ছিলেন।
