Logo
Logo
×

Advertisement

খবর

ভুয়া টেন্ডার দেখিয়ে সড়কের গাছ বিক্রি ছাত্রদল নেতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভুয়া টেন্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙিয়ে সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম সাব্বির ওরফে মালুর বিরুদ্ধে। একটি মাদ্রাসা ও স্থানীয় বাসিন্দাদের মালিকানাধীন এসব গাছ প্রায় ২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানাব্রিজ থেকে মন্দভাগ বাজার পর্যন্ত সংযোগ সড়কের সংস্কারকাজ চলছে। সড়ক নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় নিজ নিজ জমির গাছ কাটতে উদ্যোগী হন স্থানীয়রা। এ সময় শামীম সাব্বির তাদের বাধা দেন এবং ইউএনও কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে গাছের বরাদ্দ পেয়েছেন বলে ভুয়া অনুমোদনের কাগজ দেখিয়ে মালিকানা দাবি করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গাছ কাটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শামীম সাব্বির মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলেকে মারধর করেন। পরে ভুক্তভোগীরা ইউএনও কার্যালয়ে গিয়ে জানতে পারেন, টেন্ডার বা অনুমোদনের দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইউএনওর কার্যালয়ে খোঁজ নিয়ে গাছ কাটার কোনো অনুমোদনের প্রমাণ মেলেনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চান্দলার আনু ব্যাপারী এবং দেউস গ্রামের জীবন মিয়ার কাছে এসব গাছ বিক্রি করা হয়েছে। দেউস গ্রামের ভুক্তভোগী আবু তালেব বলেন, রাস্তার পাশে আমার জায়গা আছে, সেখানের গাছগুলো আমার। একদিন সাব্বির এসে বলল, রাস্তার পশ্চিম পাশের গাছগুলো সে নিলামে নিয়ে এসেছে আর পূর্ব পাশেরগুলো যেন আমি কেটে নিই। হঠাৎ একদিন দেখি জীবন নামে এক লোক এসে সব গাছ কাটছে। তাকে জিজ্ঞেস করলে সে জানায়, শামীম সাব্বিরের কাছ থেকে গাছ কিনে নিয়েছে। তারপর ইউএনওর কাছে গেলে প্রমাণিত হয় সাব্বির সব মিথ্যা বলছে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম সাব্বির বলেন, এলাকার একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, ওই সড়কের গাছ কাটার কিংবা বিক্রির জন্য কোনো টেন্ডার আহ্বান করা হয়নি এবং কাউকে কোনো ধরনের প্রশাসনিক অনুমতিও দেওয়া হয়নি। ইউএনওর নাম ভাঙিয়ে বেআইনিভাবে গাছ কাটার বিষয়টি যথাযথ তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমেক হাসপাতালে দুর্নীতি পরীক্ষায় ঘুস, ওষুধে গরমিল কেনাকাটায় দ্বিগুণ বিল

পরীক্ষায় ঘুস, ওষুধে গরমিল কেনাকাটায় দ্বিগুণ বিল

গুম-খুন নিয়ে গণশুনানির চিঠি ইস্যু মানবতাবিরোধী অপরাধের বিচারের পরিধি বাড়ছে

মানবতাবিরোধী অপরাধের বিচারের পরিধি বাড়ছে

ভুয়া টেন্ডার দেখিয়ে সড়কের গাছ বিক্রি ছাত্রদল নেতার

ভুয়া টেন্ডার দেখিয়ে সড়কের গাছ বিক্রি ছাত্রদল নেতার

৩শ কোটির সেচ প্রকল্প চান না বিলে বিলে জোয়ারাধার চালুর দাবি ভবদহবাসীর

বিলে বিলে জোয়ারাধার চালুর দাবি ভবদহবাসীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম