কুমেক হাসপাতালে দুর্নীতি
পরীক্ষায় ঘুস, ওষুধে গরমিল কেনাকাটায় দ্বিগুণ বিল
দুদকের অভিযানে মিলল প্রমাণ
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রোগীদের চিকিৎসাসেবায় হয়রানি, পরীক্ষা-নিরীক্ষায় নির্ধারিত ফির অতিরিক্ত আদায়, সেই অর্থ আত্মসাৎ, সরবরাহকৃত ওষুধ না দেওয়া, কেনাকাটায় দ্বিগুণ বিল-এ যেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের চিরচেনা দৃশ্য। দীর্ঘদিন ধরে সরকারি এই হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী সিন্ডিকেটের লাগামহীম দুর্র্নীতি চলছে।
এসব অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে হাসপাতালটিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করা হয়। প্রাথমিক তদন্তে তারা কিছু অভিযোগের সত্যতা পেয়েছে। ইসিজি ও ইকো পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় এবং ওষুধের মজুতে বড় ধরনের গরমিল রয়েছে।
সূত্র জানায়, হাসপাতালের পরিচ্ছন্নতা সামগ্রী কেনাকাটায় মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান ও বাস্তব বাজারমূল্য যাচাই করে ব্যাপক অসংগতি দেখা গেছে। ৬০ টাকা বাজারমূল্যের সাবান কেনা হয়েছে ৮৯ টাকায়। ১৪০ টাকার টয়লেট ক্লিনারের দাম ধরা হয়েছে ২৪৯ টাকা। ২০০ টাকার ফিনাইলের দাম দেখানো হয়েছে ৩৯৯ টাকা। ২৫ টাকার টয়লেট টিসু কেনা হয়েছে ৬৯ টাকা দরে। একইভাবে ১০০ টাকা বাজারমূল্যের হ্যান্ডওয়াশের দাম ধরা হয়েছে ১৯০ টাকা। এছাড়া বিভিন্ন পণ্য কেনাকাটায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দাম ধরা হয়েছে।
হাসপাতালের কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিটি ইসিজির বিপরীতে রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নিলেও নিয়মিত রশিদ দিতেন না বলে অভিযোগের সত্যতা পায় দুদক। সাদা কাগজে টোকেনের মাধ্যমে হিসাব সংরক্ষণ এবং দিন শেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ রোগীর নামে রেজিস্টারে অ্যান্ট্রির তথ্য পাওয়া যায়।
দুদক জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২৩০ থেকে ২৫০ রোগী ইসিজি করাতে এলেও রেজিস্টারে নিয়মিত মাত্র ৪০ থেকে ৪৫ জনের নাম তোলা হতো। বাকিদের থেকে নেওয়া অর্থের হিসাব সরকারি রেকর্ডে নেই। এ সময় কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রশিদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, ইকো কার্ডিও রুমে নির্ধারিত ২০০ টাকা ফির অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। অভিযানে দেখা যায়, যারা অতিরিক্ত টাকা দিয়েছেন, তাদের তাৎক্ষণিক ইকো করানো হচ্ছে। আর অন্যদের দুই থেকে চারদিন পর পরীক্ষার তারিখ দেওয়া হয়।
মজুতের সঙ্গে রেজিস্ট্রারের হিসাবেও গরমিল পাওয়া যায়। যেমন-মন্টিলুকাস্ট ওষুধের স্টক রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৫ হাজার ৬০০ পাতা। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধের মজুত যাচাই করে রেজিস্ট্রারের সঙ্গে বাস্তব হিসাবের ব্যাপক পার্থক্য পাওয়া যায়। একটি ওষুধের ক্ষেত্রে রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও গণনায় এসকেএফ ব্র্যান্ডের ১৪ হাজার ৩১৮টি এবং বিকন ব্র্যান্ডের ৩ হাজার ২৯১টি পাওয়া যায়। বাকি ওষুধের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি স্টোর কিপার।
দুদক জানায়, হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। অভিযানে আরও দেখা যায়, স্টোরে থাকা বেশ কয়েক ধরনের ইনজেকশন ও ওষুধের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসাবে চিহ্নিতকরণ, সিল বা প্রয়োজনীয় নির্দেশনা নেই। দুদক জানায়, অভিযোগের বিষয়ে কিছু নথিপত্র চাওয়া হয়েছে। প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। পাশাপাশি অভিযানে উঠে আসা অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। দলের অন্য সদস্যরা ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা। এ বিষয়ে কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কেনাকাটা করা হয়। অনিয়মের বিষয়গুলো নিজেরাই খতিয়ে দেখছি। এছাড়া রাজস্ব আত্মসাৎ এবং সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয় খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
