গোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেনে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনে অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সন্ধ্যায় কাফকোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে। এ কারণে সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ করছে।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজান সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজার বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। এ কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে। উৎস পর্যায়ে দাম বাড়লে তার প্রভাব দেশের বাজারেও পড়ে।
এর আগে অনুষ্ঠানে কাফকোর সিএসআর কর্মসূচির আওতায় ৪১ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য মোট ৩২ লাখ ৮৯ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের হাতে এ সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, চলাচলের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
