পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পতিত স্বৈরাচার দেশের মাটিতে আর কখনো ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলার তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। ওই ঘটনার বিচার হবে।’
শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইজতেমায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা তা আইনি প্রক্রিয়ায় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করব। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শিল্পাঞ্চলের শ্রমিকদের উসকানি দিয়ে তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। আমরা মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছি। তারপরও দুষ্কৃতকারীরা শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তবে যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা তাদের চিনি।’
তিনি বলেন, ‘ফ্যাসবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী, পরদেশি সেবাদাস কোনো শক্তি বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছা পোষণ করলে তার বিরুদ্ধে আমরা সবাই একমত।’
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য মো. আব্দুল্লাহ, মধুপুর ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মাওলানা আব্দুল হামিদ, চাঁদপুর কচুয়া উজানীর পীরসাহেব মাওলানা এহতেরামুল হক, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
