শ্রমবাজারে নতুন সূচনা
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ কর্মী
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ফ্লাইটে নির্বাচিত ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও।
হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রথম ফ্লাইটে ১১২ জন নতুন কর্মী আসার কথা থাকলেও ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় ১০৩ জন এসেছেন। বাকি ৯ জন পরে আসবেন।
এ কর্মসূচির উল্লেখযোগ্য দিক হলো-নির্বাচিত কর্মীদের কাউকেই মালয়েশিয়ায় যাওয়ার জন্য অভিবাসন ব্যয় বহন করতে হয়নি। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হয়েছে। মোট চার হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ১১২ জনকে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন এক হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা। পাশাপাশি অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি।
