বরিশালে নাগরিক সমাবেশ
অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের আহ্বান
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রত্ব বাতিল হওয়া অন্তু বিশ্বাসের পক্ষে বরিশালে নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশের ১০৯ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন তার পক্ষে। শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অন্তুর নিরাপত্তা নিশ্চিত করা, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রত্ব পুনর্বহাল এবং তার ও তার বাবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, নার্সিং ইনস্টিটিউটের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় অন্তু বিশ্বাসকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ২৭ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হওয়ার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রতিশোধমূলকভাবে তার ছাত্রত্ব বাতিল করে। পরে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলাও হয়। তার বাবার বিরুদ্ধেও চুরির মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল রহমান খোকন। সঞ্চালনায় ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক সুজন আহমেদ। এতে বক্তব্য দেন শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বাসদ নেতা শহিদুল ইসলাম, গণফোরাম বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, আলবার্ট রিপন বল্লভ, খালিদ বিনয়ী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম খোকন, লেখক কাজল দাশ, সুজয় সরকার, রাকিবুল হাসান, অনিন্দ মন্ডল, অ্যাডভোকেট খালিদ বিন ওয়ালীদ, কিশোর কুমার বালা প্রমুখ।
এদিকে, অন্তুর বিরুদ্ধে করা মামলার ঘটনায় দেশের ১০৯ বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, সংবাদ সম্মেলন ও ফেসবুকে ছবি প্রকাশের মতো স্বাভাবিক নাগরিক আচরণকে সাইবার অপরাধ হিসাবে দেখানো মতপ্রকাশের স্বাধীনতা ও সংবিধানস্বীকৃত অধিকারের জন্য হুমকি।
