পরাজিত শক্তি নৃশংসতা থেকে সরে আসেনি : রিজভী
ঘাপটি মেরে থাকা দোসররা বিভ্রান্তি ছড়াচ্ছে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও তাদের নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে অভিযোগ করে রিজভী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনের বিষয়টি উঠে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে প্রচার করছে। তিনি বলেন, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ উপায়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমে থাকা কিছু ব্যক্তি সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচারকে বিভ্রান্তিকর আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, এসব তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন। তিনি বলেন, সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের ন্যায্য পাওনা ও নিুতম মজুরির বিষয়ে কথা বলেছে। অথচ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সব উঠে যাচ্ছে, এ ধরনের প্রচার সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার। বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানান তিনি।
বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শন : বিজয় দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে এদিন সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
রিজভীর নেতৃত্বে পরিদর্শনকারী দলে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান ও সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম খান মিল্টনসহ নেতারা।
