ছেলের জন্য কনে দেখে ফেরার পথে বাবা নিহত
সড়কে ঝরল আরও ২ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের মীরসরাইয়ে ছেলের জন্য কনে দেখে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় চালক হেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও চার সদস্য। শুক্রবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় দুই স্থানে আরও দুজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে চাঁদপুরে কিশোর ও ভোলায় শিক্ষক রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপি নেতাসহ তিনজন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
মীরসরাই (চট্টগ্রাম) : বিকালে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিনসহ তার পরিবারের আরও ৪ সদস্য। গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় গাড়ি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। আহত হন পরিবারের অন্য সদস্যরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি (চাঁদপুর) : শাহরাস্তিতে কাভার্ডভ্যান-সাইকেল সংঘর্ষে কিশোর ফয়সালের নিহত হয়েছে। দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শনিবার সকালে উপজেলার রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগোড়া গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। তিনি ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলেন।
ভোলা : ভোলায় সাবেক সহকারী শিক্ষক শাজাহান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় ভোলা-চরফ্যাশন সড়কে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবায় দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতাসহ তিনজন আহত হয়েছেন। শনিবার বিকালে কসবা-চৌমুহনী সড়ক ও কসবা থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। আহত সোহেল মোল্লা কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে, একই সময়ে তিন বন্ধু মোটরসাইকেলে কসবা রেলস্টেশনের দিকে যাওয়ার পথে কসবা থানার সামনে দুর্ঘটনার শিকার হন। আহতরা হলেন-কায়মপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে তানভীর হাসান ও কসবা সাগরপাড় এলাকার রিপনের ছেলে হোসেন।
