বগুড়ায় আ.লীগ কর্মীকে তুলে নিয়ে গলা কেটে হত্যা
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় আওয়ামী লীগের এক কর্মীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের ফুলবাড়ি বান্নিমেলা সেতুতে হত্যার শিকার বাবর আলী (৫০) বগুড়ার চক আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানান, বাবর আলী তিনি বাড়ির একটু দূরে ধাওয়াপাড়া বটতলা এলাকায় দোকানে মনোহারী পণ্যের ব্যবসা করতেন। নিহতের মেয়ে বীনা ও স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, বাবর আলীর দোকানে সবসময় লোকজন আড্ডা করতেন। দলের এ দুঃসময়ে দোকানে বসে বাবর আলী আওয়ামী লীগ সরকারের গুণগান করতেন। এতে প্রতিপক্ষের লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিল। তিনি রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওয়ানা দেন। বাড়ির কাছে পৌঁছলে ১০/১২ জন দুর্বৃত্ত তাকে আটক করে মারধর করে। এরপর তাকে সিএনজি অটোরিকশায় তুলে প্রায় এক কিলোমিটার দূরে শহরের ফুলবাড়িতে করতোয়া নদীর ওপর বান্নিমেলা ব্রিজে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পর গলা কেটে হত্যা করে।
কেউ কেউ বলেছেন, দোকানের ভাড়া নিয়ে বিরোধের জেরে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রহমান জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
