ভ্রমণ
গৌরীপুর জমিদারবাড়ির নান্দনিক স্থাপনা
লেখা ও ছবি : সেলিম আল রাজ
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গৌরীপুর জমিদারবাড়ি আঠারো শতকের দিকে জমিদার যুগল কিশোর রায় চৌধুরী নিজেদের জন্য বসতবাড়িটি নির্মাণ করেন। পরবর্তীকালে বংশধর ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর শাসন আমলে গৌরীপুর জমিদারবাড়ি নান্দনিক রূপে প্রতিষ্ঠিত হয়। দৃষ্টিনন্দন জমিদারবাড়ির মূল ভবনের উত্তর ও দক্ষিণ দিকে দৈর্ঘ্যে ১১৫ ফুট এবং পূর্ব ও পশ্চিম দিকে প্রস্থে ৭০ ফুটবিশিষ্ট দ্বিতল অট্টালিকা। দূর থেকে দেখলে চোখের সামনে ভেসে ওঠে ভবনের অলংকরণ। আয়তাকার আকৃতির ভবনের উচ্চতা ৩২ ফুট। ওপর দিকে টিনের ছাউনিতে ধাপে ধাপে আরও ২০ ফুট বৃদ্ধি পেয়েছে অন্দর মহলের শীর্ষ অংশ। চমৎকার ভবনের উত্তর ও দক্ষিণ দুই পাশেই রয়েছে ১০টি করে ২০টি দরজা। পূর্ব ও পশ্চিম দিকেও রয়েছে ৬টি করে ১২টি চওড়া দরজা। উচ্চতায় ১১ ফুট, প্রস্থে ৪ ফুট ৮ ইঞ্চি। ভবন নির্মাণকৌশলে পারদর্শিতা ছাপ অত্যন্ত স্পষ্ট। এক দরজা দিয়ে প্রবেশ করলে অনায়াসে সব রুমে যাতায়াত করা যায়। মূল ভবন থেকে ১১ ফুট প্রস্থের বারান্দা। দৃষ্টিনন্দন ভবনের দেওয়ালের পুরুত্বও অবাক করার মতো। ২ ফুট ২ ইঞ্চি পুরু পুরো দেওয়াল গাঁথা। সৌন্দর্যমণ্ডিত ভবনটি জানলাবিহীন। তারপরও ভবনের ভেতর আলোকোজ্জ্বল থাকে। গরমের দিনেও ঘরের ভেতর থাকে প্রাকৃতিক শীতল অনুভূতি। গৌরীপুর জমিদারদের মননশীলতার পরিচয় ফুটে উঠেছে বাড়ির পরতে পরতে।
দ্বিতীয়তলা : নিচতলার সৌন্দর্য দেখতে দেখতে ষাট ডিগ্রি কোণাকৃতি সিঁড়ি বেয়ে ওপরে উঠলে রানিঘর। দ্বিতল ভবনের ওপরের অংশের নির্মাণশৈলী ও কারুকাজ বেশ আকর্ষণীয়। মূল ভবন বরাবর ওপর দিকে কাঠের বিম। শক্ত কাঠের বিমের ওপর পাটাতনের ছাদ। ঘরের অবকাঠামো নির্মাণে ব্যবহৃত কাঠের উপকরণ ও তার ওপর বাহারি নকশা স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি করেছে। দ্বিতীতলায় পূর্ব-পশ্চিম ও দক্ষিণ পাশের ১৫ ফুট উচ্চতাবিশিষ্ট কাঠের ঘরে দেওয়াল ও উত্তর দিকের একপাশ টালি ইটের দেওয়াল। আয়তকার ঘরের দেওয়ালের ওপর ১৫ ফুট উচ্চতায় ধাপে ধাপে টিনের ছাউনি। মূল রুম থেকে উত্তর-দক্ষিণ-পূর্ব পাশে ১৭ ফুট প্রস্থের দীর্ঘ বারান্দা। লোহার বিমের ওপর টালি ইটে চুন, সুরকি দিয়ে ঢালাই করা প্রশস্ত বারান্দার ছাদ। বারান্দার ছাদের তিন দিকে ৫ ফুটবিশিষ্ট প্যারাপেড ওয়াল। প্যারাপেড ওয়ালের কারুকার্যও দৃষ্টিনন্দন। সর্ব পশ্চিম পাশে ৮ ফুট প্রস্থের বারান্দা। তার পাশেই মূল ভবনের দ্বিতলাতে তিন কক্ষবিশিষ্ট ইট, লোহা, চুন, সুরকির ঢালাই করা ভবনছাদ। মূল ভবনের নজরকাড়া অলংকরণবেষ্টিত কাঠের ঘরেই থাকতেন রানি। সে কারণেই আস্তে আস্তে জমিদার ভবন পরিচিতি পায় রানি ভবন হিসাবে। মূল ভবনে প্রবেশ করার জন্য তৈরি করা হয়েছিল লোহার দরজা। সাড়ে ৯ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থে প্রবেশদ্বারে কারুকাজও চোখে পড়ার মতো। রাজবাড়ির অন্দর মহলের সামনে অল্প উঠান। তার তিন পাশে বর্গাকৃতির ইটের ভবন। ২২ দরজাবিশিষ্ট কক্ষগুলোতে থাকত রাজবাড়ির কর্মচারীরা।
দেড়-দুইশ বছরের পুরোনো ভবন কিছুটা সৌন্দর্য হারালেও এখনো ভবনের অলংকরণ নজরকাড়ে। দৃষ্টিনন্দন ভবনের নিচতলায় রয়েছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রশাসনিক কক্ষ। এ ছাড়া ছোট-বড় আটটি রুম। রুমগুলোতে বিশেষ প্রয়োজন হলে ক্লাস ও পরীক্ষার কাজে ব্যবহার করা হয়। সর্ব উত্তর-পশ্চিম পাশে আরেকটি কক্ষ নামাজখানা হিসাবে ব্যবহৃত হয়।
কাচারি ভবন
গৌরীপুর জমিদারদের জমিদারি ছিল ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড় থেকে নেত্রকোনা, বারহাট্টা, মোহনগঞ্জ হয়ে সিলেট পর্যন্ত। এসব অঞ্চল থেকে খাজনা দিতে সোজা চলে আসত জমিদার বাড়ির কাচারিতে। ৮০ ফুট দৈর্ঘ্য ও ৩৯ ফুট প্রস্থের চমৎকার কারুকার্যখচিত কাচারি ঘর। এ কাচারি ঘরের মাঝ বরাবর ১৫ ফুট উচ্চতা ও ১৫ ফুট প্রস্থের রাস্তায় জমিদারবাড়ির প্রধান ফটক। কাচারি ভবন ছাদে দৃষ্টিনন্দন কারুকার্যমণ্ডিত একটি গম্বুজ। এখানে বসে অনেক সময় জমিদাররা বাগানবাড়ির সৌন্দর্য উপভোগ করতেন। বর্তমানে কাচারি ভবনের একাংশে গৌরীপুর প্রেস ক্লাব, আরেক অংশে গৌরীপুর মহিলা কলেজের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।
রানি পুকুর : অন্দর মহলের উত্তর পাশে রানির জন্য খনন করা হয় বিশাল পুকুর। দেওয়ালঘেরা পুকুরের টলমল পানিতে শুধু গোসল করতেন রানি। সে থেকে পুকুরের পরিচিতি পায় রানি পুকুর নামে।
ইউরোপিয়ান গেস্টহাউজ : জমিদারদের বিশেষ অতিথিদের জন্য নির্মাণ করা হয়েছিল এক তলাবিশিষ্ট নান্দনিক ইউরোপিয়ান গেস্টহাউজ। দেওয়ালে ছিল ফুল, লতাপাতার কারুকার্য। জমিদার আমলে কলকাতাসহ অন্যান্য স্থান থেকে আসা বিশেষ অতিথিদের সমাদর করা হতো। প্রয়োজনীয় সংস্কারের অভাবে ক্ষয় হয়ে যাচ্ছে ভবনের অবকাঠামো। ধসে পড়েছে ভবনের ছাদ, ম্লান হয়ে গেছে ইউরোপিয়ান গেস্টহাউজের প্রকৃত রূপ। তারপরও বর্তমানে কালেরসাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদারবাড়ির বিশেষ অতিথি আপ্যায়নখানা। এ ছাড়া গৌরীপুর জমিদারবাড়ির পাশের সুউচ্চ কারুকার্যমণ্ডিত নাটমন্দির এবং লোহার ঘরখ্যাত রাজবাড়ির দুর্গামন্দিরের সৌন্দর্য নজরকাড়ে।
বাগানবাড়ি : জমিদার ভবনের সম্মুখে বিস্তীর্ণ জায়গাজুড়ে মনোহর বাগানবাড়ির সৌরভ ছিল বছরজুড়ে। বহু প্রজাতির গাছগাছালির সমাহার ছিল বাগানে। জমিদার আমলের এখনো কিছু বিরল বৃক্ষ দেখা যায়। গাছগাছালিঘেরা বাগানবাড়ির সৌন্দর্যকে অনেকগুণে বাড়িয়ে দেওয়া গোল পুকুর আজও কালেরসাক্ষী হয়ে আছে। দারুণ নকশায় মাটি লেভেল থেকে একটু উঁচুতে করা কয়েকটি কুয়া আকৃতির জলাধার। এসব জলাধারে ছিল জলজ ফুলের চাষাবাদ। সময়ের পরিক্রমায় জলাধারগুলো নিশ্চিহ্ন হয়ে গেলেও বাগানবাড়ি দ্বীপ পুকুরের সৌন্দর্য সত্যি চমৎকার। দ্বীপের বুকে নানা প্রজাতির মধ্যে শতবর্ষী তূর্য তরী নামে এক বিরল গাছ নিয়ে হয়েছে গবেষণা কাজ। প্রকৃতির শীতল ছায়াযুক্ত বিশাল বাগানবাড়ির পশ্চিম পাশে এখনো দাঁড়িয়ে আছে জমিদার আমলে তৈরি করা একমাত্র মালির ঘর। সুরম্য এ বাগানবাড়িটি দেশ ভাগের পরে উপজেলা পরিষদ হিসাবে ব্যবহার শুরু হয়। সময়ের প্রয়োজনে ক্রমেই সরকারি বিভিন্ন দপ্তরের অফিস ভবন নির্মাণ করা হয়েছে বাগানবাড়িতে। গৌরীপুরে ঘুরতে আসা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় জায়গায় পরিণত হয়েছে গৌরীপুর জমিদারবাড়ি।
যেভাবে যাবেন : রাজধানী ঢাকা থেকে গৌরীপুরের দূরত্ব ১৪০ কিলোমিটার। বাস কিংবা ট্রেনযোগে সরাসরি আসতে পারেন অথবা যে কোনো বিভাগ থেকে ময়মনসিংহ হয়ে গৌরীপুর পৌঁছাতে পারেন। শহরের প্রাণকেন্দ্রে গৌরীপুর জমিদারবাড়ি।
