Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

ঘরে ঘরে কাঁথা-কম্বল-লেপের যত্ন

Icon

নিয়ামুর রশিদ শিহাব

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হেমন্তের মাঝামাঝি প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। ভোরের বাতাসে হালকা শীতলতা, ঘাসের ডগায় শিশিরের বিন্দু আর রাতের শেষ প্রহরে গায়ে টেনে নিতে হচ্ছে পাতলা কাঁথা। গ্রামবাংলার ঘরে ঘরে ইতোমধ্যে কেউ ব্যবহার করছেন পাতলা কাঁথা, আবার কেউ বের করে নিয়েছেন ভারী কাঁথা কিংবা কম্বল। সন্ধ্যার পরও অনুভূত হচ্ছে শীতের হালকা আমেজ। তবে শীতের তীব্রতা বাড়তে এখনো কিছুটা সময় বাকি। আর সেই সময়কে সামনে রেখেই গ্রাম বা শহরের গৃহিণীরা ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করেছেন শীতের প্রয়োজনীয় সামগ্রী ব্যবহারের উপযোগী করে তুলতে। বছরের বেশির ভাগ সময় আলমারির তাকে, বাক্সে কিংবা ঘরের এক কোণে ভাঁজ করে রাখা থাকে শীতের কাঁথা, কম্বল ও লেপ। দীর্ঘদিন সংরক্ষণে থাকার কারণে এসব সামগ্রীতে জমতে পারে ধুলাবালি, স্যাঁতসেঁতে গন্ধ কিংবা ছত্রাক। তাই শীত পুরোপুরি জেঁকে বসার আগেই এগুলো বের করে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নেওয়া জরুরি। বিশেষ করে যেসব পরিবারে শিশু ও বয়স্ক সদস্য রয়েছেন, তাদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

প্রথমেই সংরক্ষণে থাকা কাঁথা, কম্বল ও লেপ রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সকালের রোদে কয়েক ঘণ্টা মেলে রাখলে জমে থাকা আর্দ্রতা কমতে সাহায্য করে এবং স্যাঁতসেঁতে গন্ধও দূর হয়। তবে শুধু এক পাশে রোদে দিলেই হবে না; উলটেপালটে দুই পাশেই রোদ লাগাতে হবে। লেপ ও কম্বলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেন ভেতরের তুলা বা উপাদান এক জায়গায় জমাট বেঁধে না থাকে। কাঁথা ব্যবহারের আগে ভালোভাবে ঝেড়ে নিতে হবে। পুরোনো কাঁথায় ধুলাবালি জমে থাকলে তা শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা বাড়াতে পারে। প্রয়োজন হলে কাপড়ের ধরন অনুযায়ী ধুয়ে পরিষ্কার করতে হবে। ধোয়ার পর সম্পূর্ণ শুকিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে কম্বল ধোয়ার ক্ষেত্রে এর গায়ে নির্দেশনা অনুসরণ করা ভালো। সব কম্বল একইভাবে ধোয়া যায় না।

শীতের প্রস্তুতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিছানাপত্রের সঠিক সংরক্ষণ। পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো কাঁথা, কম্বল কিংবা লেপ ভাঁজ করে রাখার আগে নিশ্চিত হতে হবে, সেগুলোতে কোনো আর্দ্রতা নেই। বাতাস চলাচল করতে পারে এমন পরিষ্কার কাপড়ের ব্যাগ বা উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা ব্যবহার করা ভালো। দীর্ঘদিন প্লাস্টিকের ব্যাগে ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থায় রাখলে দুর্গন্ধ ও ছত্রাকের সমস্যা দেখা দিতে পারে। গ্রামবাংলার শীতের প্রস্তুতিতে কাঁথার রয়েছে আলাদা ঐতিহ্য। মায়ের হাতে তৈরি পুরোনো নকশি কাঁথা কিংবা যত্নে সেলাই করা তুলার কাঁথা শুধু শীত নিবারণের উপকরণ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে পারিবারিক স্মৃতি ও আবেগ। অনেক বাড়িতে এখনো পুরোনো কাঁথা নতুন করে সেলাই করা হয়, তুলা ঠিক করা হয়, কোথাও ছেঁড়া অংশ মেরামত করে আবার ব্যবহার উপযোগী করে তোলা হয়। এতে একদিকে যেমন পুরোনো জিনিসের ব্যবহার বাড়ে, অন্যদিকে নতুন করে কেনাকাটার খরচও কমে। এ ছাড়া শীতের আগে বালিশের কভার, বিছানার চাদর ও মশারিও পরিষ্কার করে রাখা প্রয়োজন। কারণ শীতের সময় ঘরের দরজা-জানালা অনেকটা বন্ধ থাকায় পরিচ্ছন্ন বিছানাপত্রের গুরুত্ব বেড়ে যায়। বিশেষ করে শিশুদের ব্যবহারের কাঁথা ও কম্বল নিয়মিত পরিষ্কার রাখা উচিত।

শীত এখনো পুরোপুরি নামেনি, তবে প্রকৃতি ইতোমধ্যে তার আগমনী বার্তা জানিয়ে দিয়েছে। কয়েক দিনের মধ্যেই রাত ও ভোরের ঠান্ডা আরও বাড়তে পারে। তাই শেষ মুহূর্তের তাড়াহুড়া না করে এখনই শীতের কাঁথা, কম্বল ও লেপ ব্যবহারের উপযোগী করে রাখা বুদ্ধিমানের কাজ। একটু যত্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত রোদে শুকিয়ে নেওয়ার মাধ্যমে পুরোনো শীতবস্ত্রও হয়ে উঠতে পারে নতুনের মতো আরামদায়ক। শীতের উষ্ণতা উপভোগ করতে তাই আগাম প্রস্তুতির বিকল্প নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঋতু পরিবর্তনে ত্বক ও চুলের যত্ন

ঋতু পরিবর্তনে ত্বক ও চুলের যত্ন

রেসিপি শীতের সবজির ভিন্ন স্বাদ

শীতের সবজির ভিন্ন স্বাদ

ঘরে ঘরে কাঁথা-কম্বল-লেপের যত্ন

ঘরে ঘরে কাঁথা-কম্বল-লেপের যত্ন

গাছিদের ব্যস্ততায় শীতের আগমনী বার্তা

গাছিদের ব্যস্ততায় শীতের আগমনী বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম