বাংলাদেশ বাণিজ্য মেলা
Advertisement
মুমতাহিনা মেহনাজ অনিভা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বাণিজ্য মেলা। চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। মেলায় প্রবেশ ফি ৩০ টাকা। বিক্রেতারা মেলায় নিয়ে এসেছেন ঐতিহ্যবাহী নানা পণ্য। বিশেষ করে ভারতীয় ও পাকিস্তানি স্টলগুলোয় নজরকাড়া ডিজাইনের কাশ্মীরি শাল, থ্রি-পিস, রাজস্থানি কাজের হস্তনির্মিত ব্যাগ এবং কারুকার্যময় কুশন কাভার বিক্রি হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের ঐতিহ্যবাহী চামড়ার নাগরা ও নান্দনিক জুতার সংগ্রহ ক্রেতাদের নজর কাড়ছে। পোশাকের সঙ্গে মানানসই অ্যান্টিক ও মেটাল জুয়েলারির স্টলগুলোয়ও ক্রেতাদের ভিড় দেখা যায়। দেশীয় উদ্যোক্তারা আধুনিক জীবনযাত্রার উপযোগী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়েছেন। মেলায় বিশেষভাবে নজর কাড়ছে আধুনিক কিচেন সরঞ্জাম, যেমন বহুমুখী ব্যবহারের সালাদ কাটার, ভেজিটেবল চপার ও মানসম্মত স্টিলের কিচেন ওয়্যার। গৃহস্থালিসামগ্রীর বাইরেও মেলায় রয়েছে বিভিন্ন ধরনের হেয়ার অ্যাকসেসরিজ ও প্রসাধনসামগ্রীর স্টল। ব্যক্তিগত সাজসজ্জার উপকরণ থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী, বিভিন্ন পণ্যের সমাহার ক্রেতাদের কেনাকাটার সুযোগ বাড়িয়েছে।
বিভিন্ন স্টলে পণ্যের ওপর দেওয়া হচ্ছে বিশেষ ছাড়, যা ক্রেতাদের কেনাকাটায় বাড়তি আগ্রহ তৈরি করছে। কেনাকাটার পাশাপাশি খাবারের স্বাদ নেওয়ার সুযোগও রয়েছে বাংলাদেশ বাণিজ্য মেলায়। দেশীয় ঐতিহ্যবাহী আচার ও প্রক্রিয়াজাত হালকা খাবারের স্টলগুলো দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। টক, ঝাল ও মিষ্টি স্বাদের বিভিন্ন ধরনের আচার খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। মেলায় এসব পণ্যের উপস্থিতি দেশীয় খাদ্যপণ্যের বৈচিত্র্য তুলে ধরার সুযোগ তৈরি করেছে। ক্রেতারা একই স্থানে বিভিন্ন ধরনের পণ্য সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারছেন।
