রেসিপি
নবান্নের পিঠাপুলি
রেসিপি দিয়েছেন জিন্নাত রায়হান সুমি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নকশি পিঠা
যা লাগবে : চালের গুঁড়া ২ কাপ, পানি ২ কাপ, লবণ ১ চা চামচ, খেজুর কাঁটা কয়েকটি, বাঁশের চটা প্রয়োজনমতো, তেল (ভাজার জন্য) ১ লিটার, সিরা তৈরির জন্য চিনি বা গুড় ২ কাপ, পানি ২ কাপ, এলাচ ২-৩টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ১টি।
যেভাবে করবেন : হাঁড়িতে পানি ফুটতে দিন। পানি ফুটে উঠলে লবণ ও চালের গুঁড়া দিন। মাঝারি আঁচে ঢেকে সিদ্ধ করুন ৮-১০ মিনিট। নাড়বেন না। আঁচ কমিয়ে হাঁড়ি চুলায় রেখেই নেড়ে কাই করুন। চুলা থেকে নামিয়ে কাই ভালোভাবে মথে নিন। ভেজা নেকড়া দিয়ে ঢেকে রাখুন। মথা কাই ৬ ভাগ করুন। প্রত্যেক ভাগ কাই দিয়ে ১/২ ইঞ্চি পুরু রুটি বেলুন। রুটির ওপর হাত দিয়ে তেল মেখে খেজুর কাঁটা দিয়ে নকশা করুন। বড় মোটা সুই দিয়ে বড় নকশার ভেতর থেকে কাই তুলে নিন ও ছোট নকশার ভেতর জিগজ্যাগ করে দিন। পিঠার চারদিকে বাঁশের চটা দিয়ে দাঁত কেটে দিন। লোহার কড়াইতে তেল গরম করে মৃদু আঁচে পিঠা ভাজুন। খেয়াল রাখুন পিঠা যেন ভেতরে-বাইরে সমান ভাজা হয় এবং গাঢ় রং না হয়। ভাজার পর বেশ কয়েক সপ্তাহ সংরক্ষণ করতে পারেন। পরিবেশনের আগে সিরা তৈরির উপকরণ দিয়ে মাঝারি ঘনত্বের সিরা করে নিন। এলাচ দারুচিনি তেজপাতা তুলে ফেলে দিন। কড়াইতে তেল গরম করে বাদামি রং করে পিঠা ভেজে তেল ঝরিয়ে সিরায় ফেলুন। ২-৩ বার উলটে দিন। ৫-৬ মিনিট পর সিরা থেকে পিঠা তুলে পরিবেশন করুন।
তেলের পিঠা
যা লাগবে : ময়দা আধা কাপ, খেজুরের গুড় মিষ্টি অনুযায়ী, তরল দুধ প্রয়োজনমতো, লবণ ১ চিমটি, ভাজার জন্য তেল পরিমাণমতো।
যেভাবে করবেন : দুধের সঙ্গে খেজুরের গুড় গুলিয়ে নিন। মিশ্রণটি ছেঁকে নিন, (যাতে গুড়ের ময়লা থাকলে বের হয়ে যায়)। একটি পাত্রে চালের গুঁড়া, ময়দা ও লবণ মিশিয়ে নিন। এবার গুড় মেশানো দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে বেটার তৈরি করুন। বেটারের ঘনত্ব ঠিক করুন, বেটার এমন হবে, যাতে চামচ থেকে ঢাললে একটানা পড়ে, কিন্তু একেবারে পানির মতো পাতলা না হয়। ঢেকে ২০-৩০ মিনিট রেখে দিন। চালের গুঁড়ায় দুধ শুষে নিলে প্রয়োজনে আরও সামান্য দুধ মিশিয়ে নিন।
পিঠা ভাজা : কড়াইয়ে পর্যাপ্ত তেল মাঝারি আঁচে গরম করুন। একটি ছোট হাতা বা চামচ দিয়ে বেটার তেলে ছাড়ুন। পিঠা ফুলে উঠলে এবং নিচের অংশ শক্ত হলে উলটে দিন। মাঝারি-কম আঁচে দুই পাশ সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তুলে ঝাঁঝরিতে রাখুন।
নারিকেল-খেজুর গুড়ের ভাজা পুলি
যা লাগবে : খেজুর গুড় মিষ্টি অনুযায়ী, এলাচ গুঁড়া আধা চা চামচ।
যেভাবে করবেন : নারিকেলের পুর তৈরি-একটি প্যানে কোরানো নারিকেল ও খেজুরের গুড় একসঙ্গে নিন। মাঝারি থেকে কম আঁচে নাড়তে থাকুন। গুড় গলে নারিকেলের সঙ্গে মিশে গেলে আঁচ কমিয়ে দিন। পুরটি আঠালো হয়ে অতিরিক্ত পানি শুকিয়ে গেলে এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন। পুর সম্পূর্ণ ঠান্ডা করুন। পুর যেন বেশি ভেজা না থাকে।
ময়দার খামির : ময়দার সঙ্গে লবণ ও তেল মিশিয়ে নিন। অল্প কুসুম গরম পানি দিয়ে নরম, মসৃণ খামির তৈরি করুন। ঢেকে ২০-৩০ মিনিট রাখুন।
পুলি তৈরি : খামির থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা রুটি বেলে নিন। রুটির একপাশে নারিকেল ও গুড়ের পুর দিন। চারপাশে সামান্য পানি লাগিয়ে অর্ধচন্দ্রাকারে ভাঁজ করুন। কিনারা ভালোভাবে চেপে বন্ধ করুন, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে। চাইলে কাঁটাচামচ দিয়ে কিনারা নকশা করে দিতে পারেন। কড়াইয়ে তেল মাঝারি আঁচে গরম করুন। পুলিগুলো ছেড়ে আঁচ মাঝারি-কম রাখুন। দুই পাশ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ধীরে ধীরে ভাজুন। এরপর তুলে ঝাঁঝরিতে রাখুন।
গোলাপ পিঠা
যা লাগবে : চালের গুঁড়া (শুকনা) ২ কাপ, ময়দা ২ কাপ, তরল দুধ ৪ কাপ, ডিম ২টি, এলাচ-দারুচিনি গুঁড়া আধা চা চামচ করে, ঘি পরিমাণমতো, চিনি ৩ কাপ, পানি ২ কাপ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো।
যেভাবে করবেন : হাঁড়িতে দুধ ফুটতে দিন। দুধ ফুটলে চালের গুঁড়া ও ময়দা দিয়ে সিদ্ধ কাই করে নিন। কাই শক্ত হবে। সিদ্ধ কাইয়ে ঘি ও ডিম ভেঙে দিয়ে খুব ভালোভাবে ময়ান করুন। এমনভাবে মাখাতে হবে যেন হাতে না লাগে। চিনি, পানি, এলাচ ও দারুচিনি গুঁড়া একসঙ্গে জ্বাল দিয়ে মাঝারি ঘনত্বের সিরা তৈরি করুন। মেখে রাখা সিদ্ধ কাই থেকে পরিমাণমতো নিয়ে ছোট রুটি বেলে অথবা বড় রুটি বেলে গোল কাটার বা বোতলের মুখ দিয়ে কেটে জোড়া লাগিয়ে গোলাপ তৈরি করুন। ডুবোতেলে মচমচে করে ভেজে সিরায় ফেলুন। সিরা থেকে ৫-৭ মিনিট পর তুলে নিন।
