ভ্রমণ
চেনা তুরাগের অচেনা রূপ
শেখ আব্দুর রহিম
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যস্ততম নগরী ঢাকার ইট-বালি-পাথর-কংক্রিটে মোড়ানো চারদিকে তাকালে নাগরিক জীবনের কৃত্রিমতার বিস্তরে প্রাকৃতিক পরিবেশ খুঁজে পাওয়া দায়। ঠিক এমনই কৃত্রিম ঢাকার বুকেই অকৃত্রিম সৌন্দর্যের জায়গা মিরপুর-১-এর দিয়াবাড়িসংলগ্ন তুরাগ নদ।
তুরাগ নদ ঢাকার উত্তর-পশ্চিমাংশ দিয়ে প্রবাহিত হয়ে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকার মধ্যদিয়ে বয়ে গেছে। এটি বংশী নদীর শাখা, যা পরবর্তী সময়ে ঢাকার আমিনবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিশেছে। এরই মধ্যে এসব এলাকার কলকারখানার বর্জ্য, আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বলি হয়ে নদের অনেকাংশের পানি দূষিত হয়ে গেছে। তবে দিয়াবাড়ির এপাশে কলকারখানার আধিক্য না থাকা ও নিয়মিত নৌযান চলাচলের কারণে এখানকার পানি তুলনামূলকভাবে ভালো। নদীটি মিরপুর ও সাভারকে আলাদা করেছে। মিরপুরের অংশে নাগরিক জীবনের ব্যস্ততা দিয়ে মোড়ানো দিয়াবাড়ি আর সাভারের অংশে সবুজ শ্যামলেঘেরা কাউন্দিয়া গ্রাম। নদীর প্রবহমান জলরাশি দুপাড়ের দুই অংশকে আলাদা করলেও একাধিক ছোট ছোট ডিঙি নৌকা দুপাড়ের যোগসূত্রকে একই সুতায় গেঁথেছে। এর বেগবান জলধারা, চারপাশের সবুজ গাছপালা, উন্মুক্ত চারণভূমির সঙ্গে আকাশের মিলে যাওয়া দিগন্ত নদীটিকে নান্দনিক রূপে সাজিয়েছে। এ ছাড়া নৌকা ছাড়াই দুপাড়ের সবুজেঘেরা সুদীর্ঘ বেড়িবাঁধ ইতোমধ্যে অবসর যাপনের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দিনদিন নদীপ্রেমী ভ্রমণপিপাসুদের আনাগোনা বেড়েই চলেছে। একটু বেলা পড়তে না পড়তে স্থানীয় ছোট শিশুরা ঘুড়ি ওড়ানো, আর বড়শি দিয়ে মাছ শিকার করা পুরো এলাকাকে মাতিয়ে তোলে। আবার জেলেদের ছোট ডিঙি নৌকায় করে মাছধরা, আর নদীর এপার-ওপারের খেয়া পারাপার শহরের মাঝেই এক গ্রামের আবহ তৈরি করে। বিকাল হলেই দেখা মেলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের। তাদের অনেকেই স্বল্প কিছু টাকার বিনিময়ে ঘণ্টা চুক্তিতে নৌকা ভাড়া করে নেমে পড়ছেন নদীর বুকে। সামান্য সময় হলেও তারা শহুরে কোলাহল দূরে ঠেলে নিতে আসেন গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের পরম স্নিগ্ধতা। নদীর বাহারি রূপের সংগতি শহুরে জীবনযাপনের সঙ্গে গ্রামের নির্মল আবহ ঢাকার বুকে সৌন্দর্যের ভিন্নমাত্রা যোগ করেছে।
দিয়াবাড়ির এ অংশের তুরাগ নদ ইতিহাস সুপ্রাচীন। মোগল আমল থেকেই এ এলাকা বেশ জমজমাট। এ পথ ধরেই বিখ্যাত সুফিসাধক শাহ আলী বাগদাদী (রহ.) ঢাকায় ইসলাম প্রচার করতে আসেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সঙ্গেও এ নদীর বিষাদময় স্মৃতি জড়িয়ে আছে। ৭১-এ বিহারিরা মিরপুরে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার অধিকাংশ লাশ এ নদীর তীরে শিন্নিরটেক ও গোলারটেক এলাকায় গণকবর দেওয়া হয়। সে সময় তারা অনেক মুক্তিযোদ্ধার লাশ এ নদীতে ভাসিয়ে দেয় বলে ইতিহাস থেকে জানা যায়।
সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যাপার হলো-এ নদীর কখনো ঘুম নেই। নেই কোনো রাত, নেই কোনো ক্লান্তি। দিয়াবাড়ি ও হরিরামপুরের পাশাপাশি দুটো খেয়াঘাটে স্থানীয় জনগণ, খুদে ব্যবসায়ী আর কর্মজীবী মানুষ দিন-রাত নদী পারাপারে ব্যস্ত থাকে। এর কাছেই দিয়াবাড়ি মোড়ে বৃহত্তর মিরপুর ও আশপাশের এলাকার একমাত্র পাইকারি সবজির আড়ত। অন্যদিকে নদীর পাড় ধরে সামনে এগোলেই ঢাকার অন্যতম ব্যস্ত বাস টার্মিনাল গাবতলী।
আশপাশের দর্শনীয় স্থান : দিয়াবাড়ি তুরাগ তীরে ঘুরতে এলে একইসঙ্গে কয়েকটি জায়গা একবেলায় ঘুরে আসা সম্ভব। নদীর এপারে দিয়াবাড়ি মোড় থেকে একটু সামনে এগোলেই বুদ্ধিজীবী কবরস্থান। এ ছাড়া তিন কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। আবার ওপারে রয়েছে সাভারের গোলাপের রাজ্যখ্যাত ‘গোলাপগ্রাম’।
কীভাবে আসবেন : ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুর-১ হয়ে দিয়াবাড়ি আসতে হয়। গণপরিবহণে এলে মিরপুর-১ হয়ে রিকশা বা লেগুনাযোগে এখানে আসা যায়। আবার গাবতলী বাস টার্মিনাল হয়েও নদীর তীরঘেঁষে আসা যায়।
কী খাবেন : নৌকা ভ্রমণ শেষে দিয়াবাড়ির আশপাশে চা, ফুচকা, চটপটি, ঝালমুড়ি কিংবা বিভিন্ন ধরনের ভাজাপোড়া দিয়ে আড্ডা জমাতে পারেন। তবে নৌকায় করে ওপারের সাভারের অংশে গ্রাম্য পরিবেশে বিভিন্ন পিঠা ও ভাজাপোড়া পাওয়া যায়। তবে খাবারের দোকান বেছে নেওয়ার সময় পরিচ্ছন্নতা ও খাবারের মানের দিকে খেয়াল রাখবেন।
বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তুরাগ নদে সুন্দরভাবে ভ্রমণ করা যায়। বন্ধু, পরিবার কিংবা প্রিয়জন-যার সঙ্গেই যান না কেন, নৌকার দুলকির সঙ্গে তুরাগের বাতাস আর সূর্যাস্তের দৃশ্য মিলিয়ে এটি হতে পারে ঢাকার ভেতরেই একটুকরা প্রশান্তির ভ্রমণ।
