|
ফলো করুন |
|
|---|---|
ছয় ঋতুর দেশ বাংলাদেশ। ঋতুভেদে তাই প্রকৃতির রূপও ভিন্ন। এক এক ঋতুর বৈচিত্র্যও এক এক ধরনের। কোনো ঋতু আসে প্রখর রোদের খরতাপ নিয়ে, কোনো ঋতু আসে মুষল ধারার ঘন বর্ষা নিয়ে। কেউ আসে নতুন পাতা পল্লবের আলিঙ্গনে আবার কেউ আসে নিষ্প্রাণ প্রকৃতি নিয়ে। ঋতুর পরিবর্তনের এমন রূপ পৃথিবীর আর কোথাও নেই। তাই তো সময়ের সঙ্গে সঙ্গে পোশাকের অনুষঙ্গ এমনকি জীবনধারার মাঝেও আসে পরিবর্তন। ঠিক যেমন প্রকৃতিতে দেখা দিচ্ছে শীত ঋতুর আগমন। বছরের শেষ দিকের এ সময়ে গুটি গুটি পায়ে শীত এসে দখল করতে শুরু করে গরমের রাজ্য। চারপাশে যেন এক নিস্তব্ধতা। পুরোনো পাতাগুলো নিজেকে গুটিয়ে নেয় নিজের মাঝে। ফুল ফুটতেও কত কার্পণ্য। রোদের আলোতেও নেই সেই আগের প্রখরতা। মিষ্টি এ রোদ যেন শীতের সঙ্গে আপস করেই অপেক্ষা করছে নতুন ঋতুর আগমনের। তাই তো কুয়াশার চাদরে শিশিরবিন্দু সকাল হলেই নিজেদের আগমনের কথা জানাতে ব্যস্ত হয়ে পড়ে। ঘাসের বুকেও থাকে তার পায়ের চিহ্ন। সবার মাঝে জাগে আলসেমি। গরম চা আর সঙ্গে পিঠাপুলির আয়োজন শুরু হয় ঘরে ঘরে। নতুন বিন্নি ধানের পায়েসের সুভাসে ভরে ওঠে চারপাশ। হাড় কাঁপানো শীতের আগেই প্রকৃতি বোঝাতে শুরু করে তার আগমনের বার্তা।
শীতের এ সময়ের শুরু থেকেই চাই আগাম প্রস্তুতি। যেহেতু বাতাসে থাকে আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি, তাই ত্বক হারায় তার কোমলতা। এ সময় ত্বকের যত্ন প্রয়োজন সবার আগে। তাই খুব ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে এখন থেকেই। এর মধ্যে সবচেয়ে প্রয়োজন হলো ময়েশ্চারাইজার। ত্বকের ধরন বুঝে মিয়েশ্চারাইজার খুঁজে নিতে হবে আপনাকে। শীতের শুরুর দিক থেকেই ঠোঁট ফাটা, পায়ের গোড়ালি ফাটা এমনকি শরীরে নানা লাল জাতীয় র্যাশের দেখা মিলে। তাই এখনকার পূর্বপ্রস্তুতিই হতে পারে পুরো শীতে ভালো থাকার অন্যতম উপায়।
শীতের বাতাস বইতে শুরু করার আগেই টের পেয়ে যায় ত্বক। ফলে ঠোঁট ফাটা দেখা দেয় সবার আগে। তাই লিপজেল বা লিপবাম রাখুন আপনার ব্যাগে। আপনার ব্যাগে রাখুন ছোট একটি ময়েশ্চারাইজারও। যেহেতু চারপাশে ধুলাবালি থাকে এ সময় সবচেয়ে বেশি, তাই ত্বক রুক্ষতা, শুষ্কতা আর ময়লা এ তিনটি ধাপের মুখোমুখি হয় সবচেয়ে বেশি। আর যারা ঘরে বাইরে ব্যস্ত থাকেন তাদের জন্য লম্বা সময় নিয়ে ত্বকের আগাম যত্ন নেওয়া অনেক কঠিন। তাই দিনের সময়টাতে বাইরে থেকে এসেই মুখ ধুয়ে নিন। খালি পানি দিয়েও ধুয়ে নিতে পারেন অথবা ক্লিঞ্জারের জন্য বাজারে অনেক ধরনের ফেইস ওয়াশ পাওয়া যায় তা রাখতে পারেন ব্যাগে। মুখ মুছে তাতে ময়েশ্চারাইজার ব্যবহার করে নিলেই ত্বক থাকবে লম্বা সময় সুরক্ষার চাদরে সুরক্ষিত।
আর যাদের এখনই পায়ের গোড়ালিতে ফাটল দেখা দিচ্ছে, তারা ব্যবহার করতে শুরু করতে পারেন ভ্যাসলিন। রাতে ঘুমানোর সময় পায়ে ভ্যাসলিন ব্যবহার করে মোজা পরে নিলেই মিলবে অনেক দ্রুত শীতের এ সময়ে পা ফাটা থেকে মুক্তি।
এ ছাড়া যাদের ত্বক হয়ে থাকে খুব বেশি রুক্ষ, তাদের ক্ষেত্রে শীতের শুরু থেকেই লোশন, গ্লিসারিন আর পানির মিশ্রণটি অনেক বেশি কার্যকর। এতে ত্বক যেমন হয় নরম তেমনি কোমল আর শীতজুড়ে থাকে স্বাস্থ্যোজ্জ্বল।
ত্বকের পাশাপাশি চুলের ক্ষেত্রেও আসে বিড়ম্বনা। চারপাশের ধুলাবালিতে অল্পতেই চুল হয়ে পড়ে রুক্ষ। চুলের আগা ফাটা, চুল পড়া ইত্যাদি কারণ শুরু হয় এ সময় থেকেই। তাই নিয়মিত চুলে শ্যাম্পু আর নারিকেল তেল দেওয়ার চেষ্টা করুন সপ্তাহে অন্তত একদিন। এতে চুল হারানো সৌন্দর্য ফিরে পাবে আর সঙ্গে পাবে শীতজুড়ে ঝরঝরে থাকার কৌশল।
পোশাকের বেলায়ও শীতের আগে সব কাপড় রোদে একবার হলেও শুকিয়ে নিন। ভারী কাপড়গুলো ধুয়ে রোদে শুকিয়ে নেওয়ার এখনই সময়। এর বাইরের লেপ, কম্বল ভারী যা আছে তার জন্যও রাখুন একটি দিন। যাতে করে সময় নিয়ে আপনি শেষ করতে পারেন আপনার শীতের আগাম প্রস্তুতি।
