Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

শীতে প্রিয় পোষা প্রাণীর সুরক্ষা

Icon

আমানুর রহমান

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শীতের হিমেল হাওয়া মানুষের কাছে আরামদায়ক মনে হলেও পোষা প্রাণীর জন্য তা হয়ে উঠতে পারে কষ্টের কারণ। বিশেষ করে ছোট, কম লোমযুক্ত, বয়স্ক ও অসুস্থ প্রাণীরা বেশি সংবেদনশীল। মানুষের মতো মুখ ফুটে তারা নিজেদের কষ্টের কথা জানাতে পারে না। তাই শীতের পুরোটা সময় তাদের প্রতি বাড়তি যত্ন ও সতর্কতা জরুরি। শীতে পোষা প্রাণীর যত্ন ও সুরক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছেন ডা. তানভীর আহমেদ চৌধুরী, জ্যেষ্ঠ পশুচিকিৎসক ও পোষা প্রাণিবিশেষজ্ঞ, কেন্দ্রীয় পশু হাসপাতাল, ঢাকা।

উষ্ণ বিছানা

শীতের রাতে ঠান্ডা মেঝে পোষা প্রাণীর জন্য অস্বস্তির কারণ হতে পারে। বিশেষ করে ছোট, কম লোমযুক্ত, বয়স্ক ও অসুস্থ প্রাণীদের জন্য উষ্ণ বিছানার ব্যবস্থা করা জরুরি। মেঝে থেকে কিছুটা উঁচুতে নরম ও আরামদায়ক শোবার জায়গা তৈরি করুন। এজন্য মোটা কুশন, কার্পেট, পুরোনো কাঁথা বা কম্বল ব্যবহার করতে পারেন। বিছানাটি ঘরের এমন একটি উষ্ণ ও শুকনো কোণে রাখুন, যেখানে সরাসরি ঠান্ডা বাতাস প্রবেশ করে না। খোলা জানালা ও দরজার কাছ থেকে তাদের দূরে রাখুন। পাশাপাশি বিছানা নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখুন। বিড়াল বা ছোট কুকুরের জন্য ঘরসদৃশ নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করলে তারা স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারবে।

সুষম খাবার

শীতকালে পোষা প্রাণীর খাদ্য ও পানির দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ঠান্ডার মধ্যে বাইরে বেশি সময় কাটানো বা বেশি সক্রিয় থাকা প্রাণীর অতিরিক্ত শক্তির প্রয়োজন হতে পারে। তবে ঘরে থাকা কম সক্রিয় প্রাণীর ক্ষেত্রে খাবারের পরিমাণ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। তাই পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবারে অতিরিক্ত প্রোটিন বা চর্বি যোগ করা কিংবা খাদ্যতালিকায় বড় পরিবর্তন আনা ঠিক নয়। খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানির ব্যবস্থাও জরুরি। শীতের সময় অনেক প্রাণী তুলনামূলক কম পানি পান করতে পারে। তাই সব সময় পরিষ্কার ও স্বাভাবিক তাপমাত্রার পানি সহজে পান করার সুযোগ রাখুন। পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন এবং পানি বদলে দিন। বয়স, ওজন ও শারীরিক অবস্থা অনুযায়ী সুষম খাবার ও পর্যাপ্ত পানি নিশ্চিত করাই তাদের সুস্বাস্থ্য বজায় রাখার অন্যতম উপায়।

আরামদায়ক পোশাক

ছোট আকারের, কম লোমযুক্ত কিংবা বয়স্ক কুকুরের জন্য শীতের পোশাক বেশ উপকারী হতে পারে। তবে সব পোষা প্রাণীর পোশাকের প্রয়োজন হয় না। বিড়াল বা কুকুর পোশাক পরতে স্বচ্ছন্দ কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে। পোশাক যেন নরম, আরামদায়ক এবং শরীরের মাপ অনুযায়ী হয়। অতিরিক্ত আঁটোসাঁটো পোশাক চলাফেরায় বাধা সৃষ্টি করতে পারে। আবার ঢিলেঢালা পোশাক কোথাও আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করে। ভেজা বা স্যাঁতসেঁতে পোশাক দীর্ঘক্ষণ পরিয়ে রাখবেন না। পাশাপাশি পায়ের পাতার যত্ন নেওয়াও জরুরি। বাইরে হাঁটাহাঁটির পর নরম ও পরিষ্কার কাপড় দিয়ে থাবা মুছে শুকিয়ে দিন। পায়ের পাতা ফেটে গেলে বা ক্ষত তৈরি হলে পশু চিকিৎসকের পরামর্শে পোষা প্রাণীর উপযোগী মলম ব্যবহার করুন। নিজে থেকে নারিকেল তেল বা মানুষের ব্যবহারের কোনো প্রসাধনী লাগানো ঠিক নয়।

পরিচ্ছন্নতা ও গোসল

শীতকালে পোষা প্রাণীকে ঘনঘন গোসল করানো উচিত নয়। এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে শুষ্কতা ও অস্বস্তি তৈরি হতে পারে। প্রয়োজন হলে কুসুম গরম পানি ও প্রাণীর উপযোগী শ্যাম্পু ব্যবহার করে গোসল করান। গোসল শেষে নরম তোয়ালে দিয়ে শরীর ভালোভাবে মুছে সম্পূর্ণ শুকিয়ে নিন। শরীরে আর্দ্রতা রেখে দিলে ঠান্ডাজনিত সমস্যা ও ত্বকের জটিলতা দেখা দিতে পারে। গোসলের প্রয়োজন না হলে কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে নিংড়ে শরীরের ময়লা অংশগুলো আলতো করে মুছে দিতে পারেন। পাশাপাশি নিয়মিত নরম ব্রাশ দিয়ে লোম আঁচড়ে দিন। এতে জমে থাকা মরা লোম ও জট দূর হবে এবং ত্বক ও লোমের পরিচ্ছন্নতা বজায় থাকবে। ত্বকে কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে পাউডার বা প্রসাধনী ব্যবহার না করে পশু চিকিৎসকের পরামর্শ নিন।

সকালের রোদ

শীতের সকালে মিষ্টি রোদ পোষা প্রাণীর জন্য স্বস্তিদায়ক হতে পারে। প্রতিদিন আবহাওয়া অনুকূলে থাকলে তাদের বারান্দা বা নিরাপদ খোলা জায়গায় কিছুক্ষণ রোদ পোহানোর সুযোগ দিন। তবে অতিরিক্ত ঠান্ডা, কুয়াশা বা হিমেল বাতাস থাকলে বাইরে নেওয়া থেকে বিরত থাকুন। রোদে থাকার সময়ও তাদের স্বাচ্ছন্দ্য ও আচরণের দিকে খেয়াল রাখুন। শুধু রোদ পোহানোই নয়, শীতকালে শরীর সচল রাখাও জরুরি। বাইরে খেলাধুলার সুযোগ কম থাকলে ঘরের ভেতর বল, খেলনা বা অন্যান্য উপকরণ দিয়ে তাদের সঙ্গে খেলুন। এতে শারীরিক সক্রিয়তা বজায় থাকবে, একঘেয়েমি কাটবে এবং মানসিকভাবেও তারা চাঙা থাকবে। মনে রাখতে হবে, কুকুর ও বিড়াল সূর্যের আলো থেকে মানুষের মতো পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করতে পারে না। তাই তাদের পুষ্টির জন্য সুষম খাদ্যের বিকল্প নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হালকা শীতে শালের উষ্ণতা

হালকা শীতে শালের উষ্ণতা

ইলিশ খেতে পদ্মাতীরে

ইলিশ খেতে পদ্মাতীরে

সাদা ফুল এবং সবুজ পাতার পুষ্টি

সাদা ফুল এবং সবুজ পাতার পুষ্টি

শীতে প্রিয় পোষা প্রাণীর সুরক্ষা

শীতে প্রিয় পোষা প্রাণীর সুরক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম