হালকা শীতে শালের উষ্ণতা
মুমতাহিনা মেহনাজ অনিভা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শীতের আগমনী বার্তা যেন প্রকৃতিতে এক ভিন্ন আমেজ নিয়ে আসে। বাংলাদেশে হেমন্তের শেষভাগ আর শীতের শুরুটা ঠিক এমনভাবে, সকাল-সন্ধ্যায় হালকা হিমেল হাওয়া, অথচ দুপুরের রোদে বেশ উষ্ণতা। ঠিক এই ‘হালকা শীতের’ দিনগুলোতে ভারী জ্যাকেট বা মোটা ব্লেজার গায়ে চাপানো অনেকের কাছেই বেশ অস্বস্তিকর মনে হয়। ঠিক তখনই পোশাকের তালিকায় সবচেয়ে আরামদায়ক এবং আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে শাল। খুব সহজেই ক্যারি করা যায় বলে হালকা শীতে শালের জনপ্রিয়তা বরাবরই শীর্ষে।
ভারী শীতের পোশাক একবার গায়ে চাপালে সারা দিনই সেটি বহন করতে হয়, যা অনেক সময় চলাফেরায় বা কর্মক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করে। কিন্তু শালের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সকালের হালকা ঠান্ডায় গায়ে জড়িয়ে নিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়লে শাল অনায়াসেই ভাঁজ করে ব্যাগে বা হাতে রাখা যায়। ভ্রমণ কিংবা কর্মস্থলে যাওয়া-আসার পথে এই বাড়তি ফ্লেক্সিবিলিটি শালকে অনন্য করে তোলে। হালকা শীতে অতিরিক্ত গরমে ঘেমে যাওয়ার ঝুঁকি থাকে। সুতি, খাদি, লিনেন কিংবা পাতলা পশম বা মসলিন ব্লেন্ডের শাল শরীরকে প্রয়োজনীয় উষ্ণতা দেয়, আবার বাতাস চলাচলের সুযোগ রেখে অতিরিক্ত গরম হতে দেয় না। তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্যবয়সি কিংবা প্রবীণ সবাই নিজের ব্যক্তিত্ব ও রুচি অনুযায়ী শাল মানিয়ে নিতে পারেন। বাজারে এখন সুতি, খাদি, পশমিনা, তসর, ভেলভেট ও মণিপুরি শালের চাহিদা আছে। দেশের বিভিন্ন ফ্যাশন হাউজে চলতি শীতকালীন সংগ্রহে শালের পাশাপাশি শ্রাগ শাল, কেপ শাল, পঞ্চো ও অন্যান্য শীতের অনুষঙ্গও গুরুত্ব পাচ্ছে।
কালেকশনে রয়েছে কটন, ভিসকস ও সিল্কের বিভিন্ন ধরনের শাল। হ্যান্ডলুম, প্রিন্টেড, টাই-ডাই ও এমব্রয়ডারি করা নকশার পাশাপাশি রয়েছে শ্রাগ ও কেপ শাল। অনলাইন সংগ্রহে শালের দাম কয়েকশ থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে। উপকরণ, নকশা ও কাজের পার্থক্যের কারণে দামের এ বৈচিত্র্য। এসব সংগ্রহে ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি আধুনিক ও পাশ্চাত্যধারার পোশাকের সমন্বয়ও দেখা যাচ্ছে। শালে রয়েছে টাই-ডাই এবং ফুল প্যাঁচওয়ার্কের বৈচিত্র্য। এ ছাড়া আছে মোম বাটিক, ব্লক, হাতের কাজ ও প্রাকৃতিক রঙে এক রঙা শাল। হাতে বোনা কটন শালে ভিসকসও ব্যবহার হয়েছে। এসব নানা রঙের প্রিন্ট ও উইভিং ডিজাইনের শালের মোটিফে রয়েছে কাঁথা, জামদানি, ফ্লোরাল, কাশ্মীরি, ট্রাইবাল ও ঐতিহ্যবাহী নকশা, আর তুলনামূলক গাঢ় রঙের প্রাধান্য। একটি শালকে কীভাবে পরা হচ্ছে, তার ওপর নির্ভর করে পুরো লুকের পরিবর্তন। জিন্স ও টি-শার্টের সঙ্গে ক্যাজুয়ালভাবে গলায় পেঁচিয়ে বা এক কাঁধে ফেলে রাখলে যেমন আধুনিক ও স্মার্ট লুক আসে, তেমনি শাড়ি, সালোয়ার-কামিজ বা পাঞ্জাবির সঙ্গে শাল জড়িয়ে নিলে ফুটে ওঠে চিরায়ত বাঙালিয়ানা। ফরমাল পোশাকের সঙ্গে একরঙা বা সূক্ষ্ম কাজের শাল বেশ মার্জিত দেখায়। এ ছাড়া শালের স্থায়িত্ব ও রঙের উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত সঠিক যত্ন নেওয়া জরুরি। সুতি বা খাদি শাল হালকা ডিটারজেন্ট দিয়ে ঠান্ডা পানিতে ধোয়া ভালো, আর সূক্ষ্ম কাজ করা বা পশমি শাল ড্রাই ওয়াশ করানোই নিরাপদ। ব্যবহার শেষে ভাঁজ করে শুকনো ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করলে দীর্ঘদিন নতুনত্ব বজায় থাকে।
হালকা শীতের এ সময়টায় ভারী পোশাকের ঝামেলা না বাড়িয়ে একটি শালই হতে পারে সবচেয়ে সহজ ও মানানসই সমাধান। আরাম, চলাফেরার সুবিধা আর নিজের পছন্দের নকশা সব মিলিয়ে শাল এখন শুধু শীতের প্রয়োজন মেটায় না, দৈনন্দিন সাজপোশাকেও যোগ করে বাড়তি স্বস্তি।
