সাদা ফুল এবং সবুজ পাতার পুষ্টি
মাজহারুল ইসলাম শামীম
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হেমন্তের নির্মল, মৃদু ও হালকা হিমেল বাতাস প্রকৃতিতে শীতের আগমন ঘটায়। সবুজ ফসলি মাঠ তখন কুয়াশার সবুজ চাদরে ঢেকে যায়। এমনই সময়ে মাঠের মাঝে দেখা মিলে শীতের শুভ্র-সবুজ যুগল, যেটিকে আমরা ফুলকপি ও বাঁধাকপি হিসাবে চিনে থাকি। এ শুভ্র-সবুজ যুগল সাধারণ মনে হলেও পুষ্টিগুণে ভরপুর। গ্রামীণ হতে শহুরে সর্বত্রই এর পুষ্টি এবং স্বাদের এক অনন্য খাদ্য হিসাবে পরিচিত। এটিতে রয়েছে ভিটামিন, খনিজ লবণ এবং খাদ্যআঁশ। এমন পুষ্টির জোগান যদিও দেশের সর্বত্রই দেখা যায়, এরপরও সবচেয়ে বেশি ফুলকপি ও বাঁধাকপি চাষ হয় যশোর, মেহেরপুর ও বগুড়া জেলায়। মূলত এগুলো সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চাষ করার উপযুক্ত সময়। পুষ্টির দিক থেকে ফুলকপিতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। অন্যদিকে বাঁধাকপিও পুষ্টির ভালো উৎস। এতে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন কে, ফোলেট এবং খনিজ উপাদান।
পুষ্টিগুণ
পরিপাকে সহায়তা : কপিতে রয়েছে ফাইবার, সালফার এবং খাদ্যআঁশ। এসব উপাদান অন্ত্রের অভ্যন্তরের কার্যক্রমকে সচল রাখে।
ক্যানসার ও টিউমার প্রতিরোধ : ফুলকপিতে বিদ্যমান সালফারযুক্ত সালফোরাফেন উপাদানটি ক্যানসার সেল ধ্বংস করে এবং যে কোনো টিউমারের বৃদ্ধি প্রতিরোধ করে।
রক্ত বৃদ্ধি : কপিতে থাকা আয়রন, ভিটামিন ই১২ ও ফোলেট দেহের রক্ত উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে।
দেহ গঠনে : ফুলকপি কোলেস্টেরলমুক্ত তাই দেহ গঠনে কার্যকরী ভূমিকা রাখে।
ওজন কমাতে : বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা কোনো ক্যালোরি ছাড়াই আমাদের পেট ভরাতে সাহায্য করে এবং হজমে প্রক্রিয়াকে সহজ করে।
কিডনির সমস্যা প্রতিরোধে : যারা কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করে থাকেন, তাদের জন্য কাঁচা বাঁধাকপি খাওয়া উত্তম।
প্রদাহ কমাতে : বাঁধাকপির অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরের দীর্ঘমেয়াদি প্রদাহ কমাতে ভূমিকা রাখে।
লিভারের সুরক্ষায় : বাঁধাকপিতে থাকা সালফার ও গ্লুকোসিনোলেটস লিভারের ডিটক্সিফিকেশন এনজাইমগুলোকে উদ্দীপিত করে, যা শরীরের ক্ষতিকর রাসায়নিক ও টক্সিন ভেঙে ফেলতে সহায়তা করে।
ত্বক ও চোখের যত্নে : বাঁধাকপিতে থাকা ভিটামিন সি ও ভিটামিন ই কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বক সতেজ করে এবং এতে থাকা বিটা ক্যারোটিন চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকর।
