Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

ইলিশ খেতে পদ্মাতীরে

Icon

লেখা ও ছবি : সুমন্ত গুপ্ত

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘বর্ষার মাঝামাঝি। পদ্মায় ইলিশ মাছ ধরার মরসুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময়েই মাছ ধরিবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজঘাটে দাঁড়াইলে দেখা যায়- নদীর বুকে শতশত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। জেলে নৌকার আলো ওগুলি। সমস্তরাত্রি আলোগুলি এমনিভাবে নদীবক্ষের রহস্যময় স্নান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয়। একসময় মাঝরাত্রি পার হইয়া যায়। শহরে, গ্রামে, রেলস্টেশনে ও জাহাজঘাটে শ্রান্ত মানুষ চোখ বুজিয়া ঘুমাইয়া পড়ে। শেষরাত্রে ভাঙা-ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি ওঠে। জেলে নৌকার আলোগুলি তখনো নেভে না। নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ মাছ। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে, মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়।’- বাঙালির মানসপটে স্থায়ী দাগ করে নেওয়া একটি দৃশ্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মানদীর মাঝির প্রথম অনুচ্ছেদ। হরেকরকম প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাণীবৈচিত্র্যঘেরা আমাদের এ ভূখণ্ড। নদীমাতৃক এ বাংলাদেশে অনেক প্রজাতির মাছ রয়েছে। তবে মাছের রাজার প্রসঙ্গ ভিন্ন। মাছ খেতে ভালোবাসেন অথচ ইলিশ খান না এমন লোক প্রায় বিরল বলা যায়। আর সেই ইলিশ যদি হয় পদ্মার তবে তো সোনায় সোহাগা। পদ্মার টাটকা মচমচে ইলিশ ভাজার কথা কল্পনা করলে সব বয়সি লোকের জিভে পানি আসবে। মাওয়া ফেরিঘাট পর্যটকদের জন্য নদীভ্রমণ এবং ইলিশ ভোজনে জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ফেরিঘাটের পাড়ে রয়েছে বেশকিছু খাবার হোটেল। এখানকার মাছের বাজারে ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায়। মাওয়ার এ ফেরিঘাট সবসময় মেতে থাকে মেলার আমেজে। ঢাকার কাছে হওয়ায় চট করে পদ্মা পাড়ের এই মাওয়া ফেরিঘাট থেকে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়। এক দিনের ভ্রমণ করার জায়গা হিসাবে অনেকের কাছে মাওয়া ঘাট জনপ্রিয় একটি স্থান। রুপালি পানির ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেঁটে যাওয়া কিংবা পদ্মাপারের শান্ত-সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহলমুক্ত পরিবেশ আপনাকে আছন্ন করে রাখবে। ঘড়ির কাঁটায় দিবা দ্বিতীয় প্রহর। আমি, সানন্দা, অনিক বেরিয়ে পড়লাম ভ্রমণ গন্তব্যের পানে। আমাদের চার চাকার বাহন এগিয়ে চলছে। একঘেয়ে জীবনে হাঁপিয়ে উঠছি। বেশ কিছুদিন হয় কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই শহরের কোলাহল পেরিয়ে, কর্মচঞ্চল জীবনকে একটু শান্তি দিতে ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে মাওয়ার পথে এগিয়ে যাওয়া। যদিও ঢাকা শহরের জ্যাম ঠেলে কোথাও যেতে তেমন ভালো লাগে না। তবে শুক্রবারের দিনটি স্বস্তির। সময়ের কাঁটা অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে খাবারের হোটেলগুলোর সামনে দাঁড়ানো কর্মচারীরা আপন গলায় ক্রেতাদের ডাকছেন। কোনো কর্মচারী বলছেন, ‘আসেন স্যার, পদ্মার ইলিশ’। কেউবা বলছেন, ‘একদম তাজা ইলিশ, স্বাদ পাইবেন স্যার’। মাওয়া ঘাটে আসা যাত্রীদের কেন্দ্র করে ঘাট টার্মিনালে ফলের দোকান থেকে শুরু করে খাবার দোকান সবকিছু আছে। বিক্রেতাদের হাঁকডাকে বিক্রিও বেশ। পরিকল্পনা মতো আমরা চলে গেলাম নদীর ঘাটে। অনিক শুরু করল দরদাম করা। ইঞ্জিন নৌকা করে খরস্রোতা পদ্মার বুকে ঘুরে বেড়ানোর জন্য। দরদাম করে আমরা উঠে পড়লাম নৌকায়। পদ্মার বুকে ভেসে চলছি আমরা উথালপাথাল ঢেউয়ের সঙ্গে। আমি সাঁতার জানি না, তাই ভীতি কাজ করে। ইঞ্জিন নৌকার চেয়ারে লাইফ জ্যাকেট রাখা। শেষ পর্যন্ত লাইফ জ্যাকেট পরেই নিলাম। পদ্মার টলমল জল আর জলছোঁয়া হাওয়া মনে প্রশান্তির পরশ বুলিয়ে দিল আমাদের। নৌকা থেকে নেমে আমরা এগিয়ে চললাম খাবার হোটেল পানে। তাই ঢুকে পড়লাম খাবার হোটেলে। বড় বড় থার্মকলের বাক্সে বরফে ঢাকা রয়েছে আধা কেজি থেকে দেড় বা দুই কেজি ওজনের ইলিশ। বেছে নিলাম তার ভেতর থেকে। কিনে দিলাম সরিষার তেল। ইলিস মাছ কেটে কুটে আমাদের জন্য তৈরি হচ্ছে। ধবধবে সাদা ভাত, তার ওপর খয়েরি রঙের ভাজা ইলিশ, ইলিশের ডিম ও শুকনো মরিচ, এক চাকা বেগুন ভাজা, ঘন মসুরের ডাল আর ইলিশের লেজের ভর্তা। আমাদের খাবারের টেবিলে উপস্থিত। অবশ্য চাইলে সঙ্গে আপনি আরও অন্যান্য তরিতরকারি নিতে পারেন। সেগুলোর মধ্যে আছে রূপচাঁদা ভাজা, চিংড়ি ভুনা, মুরগির মাংসের ভুনা, কোনো কোনো রেস্তোরাঁয় সামুদ্রিক মাছও পাওয়া যায় কিছু। ধোঁওয়া ওঠা সাদা ভাত সঙ্গে ইলিশ মাছ। অসাধারণ স্বাদ টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা। হোটেলের বড় কড়াইয়ে বিরতিহীন ভাজা হচ্ছে ইলিশ। পাশে রাখা গরম বেগুন ভাজা। যার ঘ্রাণে হোটেলে আসা ভোজনরসিকরা মাতোয়ারা! কেউ কেউ দরদাম না করেই বসে পড়ছেন খাবারের গন্ধে! কেউ আবার অর্ডার দিয়ে বসে জিভের জল ফেলছেন। তবে আমার চোখ তখন ইলিশ ভাজা, ইলিশের ডিম, বেগুন ভাজা, ভাতের প্লেটের দিকে। সব মুগ্ধতা একপাশে রেখে গোগ্রাসে গেলা শুরু, নিমেষে প্লেট উধাও। খেয়ে তৃপ্তি পেলেও, দরদাম করতে না জানলে ঠকে আসাটা অবধারিত। আরেকটা বিষয়, ইলিশ চিনতে না জানলে রুপালি, চান্দা ইলিশ পদ্মার ইলিশ বলে চালিয়ে দেন কিছু বিক্রেতা। তবে আমাদের মতো কম অভিজ্ঞ হলে পদ্মার ইলিশ খেয়েছি ভেবেই তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে হবে।

ইলিশের দরদাম : আপনার আশপাশের বাজারে ইলিশের যেমন দাম, মাওয়া ঘাটে তার চেয়ে এক পয়সা কমেও পাবেন না; বরং জনপ্রিয় রেস্তোরাঁয় গেলে দাম বেশিও হতে পারে। এক কেজি মাছের দাম ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা। সময় ও রেস্তোঁরাভেদে দাম কম-বেশি হতে পারে। বেড়াতে এসেছেন, ইলিশ ভাজা দেখবেন আর খাবেন। তাই দামটা একটু না হয় সয়েই নিলেন।

ভালো ইলিশ চেনার উপায় : ইলিশ বড় বিচিত্র মাছ। এর হাবভাবই আলাদা। অনুকূল পরিবেশ না এলে এরা ডিমই ছাড়ে না। তবে একটি পূর্ণবয়স্ক ইলিশ ২০ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। সাগর ও নদী- এ দুই জায়গায় ইলিশ থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, সাগর থেকে যত দূরের নদীতে ইলিশ পাওয়া যায়, তা তত বেশি স্বাদের হয়। ইলিশ সবসময় দৌড়ের ওপর থাকে। অর্থাৎ ছুটে চলে। এই ছুটে চলার সময় ইলিশের গায়ে এক ধরনের তেল উৎপাদিত হয়। যে কারণে খেতে মজা লাগে। আর নদীতে ইলিশ যে খাবার খায়, সেগুলোর কারণেও সাগরের ইলিশের চেয়ে স্বাদে ভিন্নতা আসে। ইলিশের ঘাড় হবে মোটা। মাছ লম্বাকৃতির না হয়ে গোলাকৃতির হবে। চোখ বসে যাবে না। মাছ থেকে দুর্গন্ধ আসবে না। এমন গুণের ইলিশ খেতে ভালো হয়। ডিমছাড়া ইলিশ ডিমওয়ালা ইলিশের চেয়ে খেতে মজার। নদীর ইলিশের শরীর চিকচিক করে। একটা রুপালি আভা ছড়িয়ে পড়ে। চোখ দুটি দেখলে মনে হবে, ড্যাব ড্যাব করে আপনার দিকে তাকিয়ে আছে। ঘোলাটে, বসে যাওয়া চোখ হবে না। সাধারণত সাগরের ইলিশ লম্বা হয় বেশি, কিন্তু চওড়া কম।

মাওয়া ঘাট কীভাবে যাবেন : সকালে গুলিস্তান বা যাত্রাবাড়ী থেকে বাসে করে মাওয়া ঘাটে চলে যাবেন। ভাড়া ৭০ টাকা বিআরটিসি-ইলিশ পরিবহণ। মিরপুর ১০, ফার্মগেট, শাহবাগ থেকে যেতে পারেন স্বাধীন পরিবহণে। গুলিস্তান থেকে বিআরটিসি এসি পাবেন। ঘণ্টাখানেকের একটু বেশি সময় লাগতে পারে ঘাটে পৌঁছাতে। চাইলে পদ্মা পাড়ি দিতে পারেন লঞ্চ, ফেরি কিংবা স্পিডবোটে। ভাড়া পড়বে ৩৫, ২০, ১৫০ টাকা। সময় লাগতে পারে ২ ঘণ্টা, ১ ঘণ্টা ৩০ মিনিট অথবা ৩০ মিনিট যথাক্রমে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হালকা শীতে শালের উষ্ণতা

হালকা শীতে শালের উষ্ণতা

ইলিশ খেতে পদ্মাতীরে

ইলিশ খেতে পদ্মাতীরে

সাদা ফুল এবং সবুজ পাতার পুষ্টি

সাদা ফুল এবং সবুজ পাতার পুষ্টি

শীতে প্রিয় পোষা প্রাণীর সুরক্ষা

শীতে প্রিয় পোষা প্রাণীর সুরক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম