আদ-দ্বীনের বিষয়ে সিদ্ধান্ত আজ, ছাড় দেবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা আজ মঙ্গলবার চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জনস্বার্থে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে সরকার বিন্দুমাত্র পিছপা হবে না।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তিনদিন সময় দেওয়া হয়েছে। আমাদের কিছু ধারাবাহিক আইন মেনে কাজ করতে হবে, তারা সময় চেয়েছে। কোর্টও সময় দেয় অনেক সময়। কাজেই আমরা সময়টা না দিলে দে উইল গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট। আমাদের আইনজীবীদের সঙ্গে আলাপ করে অত্যন্ত সুস্থিরভাবে গ্রহণযোগ্য সমাধান করব। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ৪ জুন শিশু মৃত্যুর ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তিনদিনের মধ্যে তা জানাতে বলা হয় নোটিশে। কিন্তু নোটিশের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ ঘণ্টা সময় চায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুযায়ী মঙ্গলবারের মধ্যে তাদের নোটিশের জবাব দেওয়ার কথা।
