Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ভিকারুননিসা ছাত্রী অরিত্রীর আত্মহত্যা

প্ররোচনার কিছু পায়নি পিবিআই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার কিছু পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি বলছে, শিক্ষকরা অরিত্রী ও তার মা-বাবাকে অপমানজনক কথাবার্তা বলেননি। বরং পরীক্ষা দিতে না পারা নিয়ে মা-বাবা শাসন করতে পারেন-এমন ভয় থেকে অরিত্রী আত্মহত্যা করেছে। প্রায় দুই বছর তদন্ত শেষে আদালতে দেওয়া অভিযোগপত্রে এমন তথ্য উঠে এসেছে। তবে পিবিআইয়ের অভিযোগপত্রে ‘ভিন্ন তথ্য’ উঠে আসার বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। জানা যায়, ২০১৮ সালের ২ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা দেওয়ার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে নকলের অভিযোগে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, টিসি দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরের দিন মা-বাবাকে ডেকে নিয়ে অপমান করা হয়। তাদের অপমান সহ্য করতে না পেরে ৩ ডিসেম্বর নিজ বাসায় আত্মহত্যা করে মেয়েটি। এ ঘটনায় দিলীপ অধিকারী পরের দিন পল্টন মডেল থানায় তিন শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। থানা পুলিশ শেষে একপর্যায়ে মামলার তদন্তভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তদন্ত সূত্রে জানা যায়, সাড়ে তিন মাসের মাথায় ২০১৯ সালের ২০ মার্চ আদালতে দুই শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে ডিবি। তবে শ্রেণিশিক্ষিকা হাসনা হেনাকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনের তৎকালীন পরিদর্শক কামরুল হাসান তালুকদার। ২০১৯ সালের ১০ জুলাই দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ২০২৪ সালের ২৫ জুলাই রায় ঘোষণার দিনে ঢাকার ১২তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন স্বতঃপ্রণোদিত হয়ে পিবিআইকে পুনরায় মামলাটি তদন্তের নির্দেশ দেন।

পিবিআই সূত্রে জানা যায়, আদালতের নির্দেশনার পর দুই বছর তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার জায়ীতা দাস গত ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস মারা যাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়। আর সাবেক শাখাপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক জিনাত আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র করা হয়। জায়ীতা দাস বলেন, মূলত মামলার তদন্তটা করেছেন অ্যাডিশনাল পুলিশ সুপার আবীর হোসেন। এরপর তিনি বদলি হয়ে যান। তবে বদলির আগেই তদন্ত শেষ করে অভিযোগপত্র প্রস্তুত করে যান। পরে শুধু আমার নামে অভিযোগপত্রটি আদালতে জমা পড়েছে।

পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার আবীর হোসেন বলেন, আগের তদন্ত সংস্থা অরিত্রীর মোবাইল ফোন, স্কুলের সিসিটিভি ভিডিও পরীক্ষা করেছে। আমরাও সেগুলোর ফরেনসিক পরীক্ষা করেছি। কয়েকজন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছি। শাখাপ্রধানের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। বিস্তারিত সবকিছু অভিযোগপত্রে তুলে ধরেছি। তবে তদন্তে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আইনে আছে, প্রথমবার অভিযোগপত্র দিলে পরবর্তীতে অধিকতর তদন্তে গেলেও অভিযোগপত্র দিতে হয়। অব্যাহতি দেওয়ার সুযোগ নেই।

প্রসিকিউনের এসআই রোকনুজ্জামান জানিয়েছেন, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রোববার মামলাটির দিন ধার্য রয়েছে।

পিবিআইর প্রতিবেদন প্রসঙ্গে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী অভিযোগ করে বলেন, পিবিআইকে নিয়ে প্রথম থেকে আমার সন্দেহ ছিল। শেষ পর্যন্ত তারা এ রকম একটা প্রতিবেদন দিল। তিনি আরও বলেন, পিবিআই যে কথা বলেছে, তা খুবই দুঃখজনক। আমরা অরিত্রীকে শাসানোর সেই সুযোগটা কই পেলাম? ঘটনার দিন আমরা স্কুলে ছিলাম। সেও আমাদের সঙ্গে ছিল। তিনি আরও বলেন, পিবিআই আসামিদের খালাস দেওয়ার একটা প্রক্রিয়া করে দিয়েছে। আমাদের ওপর ব্লেম দিয়ে সামাজিকভাবে বিতর্কিত করতে ঘায়েল করেছে। আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লক্ষ্য দাম সহনীয় রাখা রমজানে আগাম খেজুর আমদানির উদ্যোগ

রমজানে আগাম খেজুর আমদানির উদ্যোগ

চিকিৎসায় আশার আলো ওষুধে অগ্ন্যাশয় টিউমার অদৃশ্য

ওষুধে অগ্ন্যাশয় টিউমার অদৃশ্য

ভিকারুননিসা ছাত্রী অরিত্রীর আত্মহত্যা প্ররোচনার কিছু পায়নি পিবিআই

প্ররোচনার কিছু পায়নি পিবিআই

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম