লক্ষ্য দাম সহনীয় রাখা
রমজানে আগাম খেজুর আমদানির উদ্যোগ
টিসিবির মাধ্যমে তুরস্ক থেকে আনা হবে ৩৩০০ টন * প্রতিযোগিতামূলক দামে রপ্তানির প্রস্তাব আলজেরিয়ার
এম শাহজাহান
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র রমজানে ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ খেজুর। এ সময় বাড়তি চাহিদাকে কেন্দ্র করে প্রতি বছরই খেজুরের বাজারে অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং দামের কারসাজির অভিযোগ ওঠে। এবার সেই পরিস্থিতি এড়াতে আগেভাগেই আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার। জানুয়ারির প্রথম সপ্তাহেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি টিসিবির মাধ্যমে ৩ হাজার ৩০০ টন খেজুর আমদানিতে রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আলজেরিয়া থেকেও সরাসরি খেজুর আমদানির বিষয়ে আলোচনা চলছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
সূত্র জানায়, আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৭ সম্ভাব্য রমজান শুরুর সময় ধরে সরকার এবার প্রায় তিন মাস আগেই আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনায় তৎপর হয়েছে। এরই মধ্যে খেজুর আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও রমজানের প্রয়োজনীয় পণ্যের সঙ্গে খেজুর আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে ঋণপত্র বা এলসি খোলার সুযোগ দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ১৮ নভেম্বরের চিঠি অনুযায়ী, টিসিবির পরিচালনা পর্ষদের অনুমোদনে তুরস্কের প্রতিষ্ঠান আরবেল বাকলিয়াত হবুবাত সানিই ভি টিক্যারেট এএস-এর কাছ থেকে ৩ হাজার ৩০০ টন জাহিদি খেজুর কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আলজেরিয়া, ইরাক ও সৌদি আরব থেকে জাহাজ বা কনটেইনারে এসব খেজুর চট্টগ্রাম অথবা মোংলাবন্দরে আনা হবে। প্রতি টন খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮ মার্কিন ডলার। সে হিসাবে ৩ হাজার ৩০০ টন খেজুরের মোট মূল্য ৩৪ লাখ ৫৮ হাজার ৪০০ ডলার। প্রতি ডলার ১২৩.৮০ টাকা ধরে এই খেজুরের দাম দাঁড়ায় প্রায় ৪৩ কোটি টাকা।
আলজেরিয়ার আগ্রহ : রমজান মাস সামনে রেখে বাংলাদেশে খেজুর রপ্তানি করতে আগ্রহ দেখিয়েছে আলজেরিয়া। বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। বৈঠকে রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম। আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। এছাড়া দেশটির একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিবহণ খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব বলেও জানান রাষ্ট্রদূত।
রমজানে চাহিদা ৬০-৭০ হাজার টন : বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে সারা বছর খেজুরের চাহিদা ৯০ থেকে ৯৫ হাজার টন। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা দাঁড়ায় ৬০ থেকে ৭০ হাজার টন। দেশে সাধারণত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়াসহ বিভিন্ন দেশ থেকে খেজুর আসে। সিপিডির সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, রোজার পণ্যের উৎপাদন ও আমদানি চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। বাজারজাতকরণে ব্যত্যয় ঘটলে দামের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই কারখানা ও গুদাম থেকে বাজারে পণ্য সরবরাহের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অন্যান্য পণ্যের মতো খেজুরের ক্ষেত্রেও এ পর্যবেক্ষণ প্রাসঙ্গিক।
এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহের মূল্যতালিকা পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে বিভিন্ন খেজুরের আনুমানিক খুচরা দাম হচ্ছে-জাহিদি ও সাধারণ শুকনা খেজুর প্রতি কেজি ৪০০-৬০০ টাকা, দাব্বাস প্রতি কেজি ৯০০-১০০০ টাকা, আজওয়া ৯০০-১,১০০ টাকা, মরিয়ম ১,০০০-১,২০০ টাকা, সুক্কারি ৫০০-৮০০ টাকা এবং মেডজুল ১,৫০০-১,৮০০ টাকা।
এদিকে খেজুরের দাম সহনীয় রাখতে গত ১৫ নভেম্বর মন্ত্রিসভায় আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগে খেজুর আমদানিতে ২৫ শতাংশ শুল্ক থাকলেও তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।
