Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি

৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হবে। সোমবার লংমার্চের প্রস্তুতি নিয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।

মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত সভায় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সভাপতিত্ব করেন। সভা ও প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, এনসিপির সংসদ-সদস্য আব্দুল আলামিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার আরও বলেন, লংমার্চ সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সকাল ৮টায় লংমার্চের গাড়িবহর পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। রুট অনুযায়ী পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পথসভা হবে। এরপর গাড়িবহর মাদারীপুর, ভাঙ্গা ও ফরিদপুর হয়ে গোপালগঞ্জের দিকে যাবে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এবং রূপসা সেতু পার হয়ে খুলনা মহানগরীর বাবরী চত্বর বা শিববাড়ী মোড়ে পথসভা হবে। এরপর যশোরের চাচড়া মোড়ে পথসভা শেষে গাড়িবহর ঝিনাইদহের উদ্দেশে যাবে। ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা হবে। রাত ৯টার মধ্যে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে লংমার্চ পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রাম ও রংপুরের দুটি লংমার্চ দেশবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সফল হয়েছে। এবারও প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, সড়ক পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তি, শ্রমিক সংগঠন ও সাধারণ মানুষের সহযোগিতা চান তারা। লংমার্চের তারিখ পরিবর্তনের কারণ প্রসঙ্গে তিনি বলেন, আগে ১০ অক্টোবর কর্মসূচি হওয়ার কথা থাকলেও শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিয়ে তারিখ পিছিয়ে ৩১ অক্টোবর করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার ও উৎসবের প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রকাশ করা নাগরিক হিসাবে তাদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, সরকারের কয়েক মাসের শাসনে মানুষের দুর্ভোগ কমার পরিবর্তে বাড়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। এসব কারণেই তৃতীয় দফার লংমার্চ সময়োপযোগী বলে তারা মনে করছেন।

অটোরিকশা চালকদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমজীবী ও পেশাজীবী মানুষের ন্যায্য দাবির প্রতি ১১ দলীয় ঐক্যের সমর্থন রয়েছে। তবে কোনো কর্মসূচিতে ভাঙচুর বা সহিংসতা বা জনজীবন দুর্বিষহ হোক, সেটি তারা চান না। অটোরিকশাচালকদের ন্যায্য দাবিগুলো সরকারকে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই

‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই

উত্তেজনা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বেড়েছে

উত্তেজনা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বেড়েছে

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কূটনীতির মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধান করতে চাই

কূটনীতির মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধান করতে চাই

গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম