জেলা-উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের তাগিদ
সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে মানসিক স্বাস্থ্যসেবা এখনো মূলত রাজধানী ও বিভাগীয় শহরকেন্দ্রিক। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় জেলা-উপজেলার হাসপাতালগুলোতে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে পৃথক মনোরোগ বিভাগ চালু এবং সেখানে মনোরোগ বিশেষজ্ঞ পদায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, এনআইএমএইচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. খসরু পারভেজ চৌধুরী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএম এ সালাউদ্দিন কাউসার বিপ্লব।
সভাপতিত্ব করেন বিএপির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএপির যুগ্ম সদস্য সচিব ডা. মো. রাহেনুল ইসলাম। বিএপির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুজ্জামান। পরিচালনা করেন বিএপির যুগ্ম সদস্য সচিব ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. তৈয়বুর রহমান রয়েল। অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টরা অংশ নেন।
সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, মানসিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শুধু বিশেষায়িত হাসপাতালের ওপর নির্ভর করলে চলবে না। প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয় করতে হবে। বিদ্যমান ট্রিটমেন্ট গ্যাপ কমাতে দ্রুত ঢাকার বাইরে সেবা সম্প্রসারণ জরুরি। জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও ওষুধ নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল কলেজগুলোতে মনোরোগ চিকিৎসার সুযোগ বাড়াতে হবে। তারা বলেন, দেশের মানসিক স্বাস্থ্যের প্রকৃত চিত্র জানতে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ প্রয়োজন। এর মাধ্যমে মানসিক রোগের ধরন, আক্রান্তের হার, চিকিৎসা গ্রহণের প্রবণতা এবং সেবার ঘাটতি সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া সম্ভব। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ নীতি ও কর্মপরিকল্পনা নেওয়া প্রয়োজন। বিএপি জানায়, সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায় ও কর্মপদ্ধতি বাস্তবায়নে সংগঠনটি সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।
