ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: রিজভী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিকভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছে। তখন গুণগত শিক্ষা দেওয়ার চেয়ে কেবল ৯০-৯৫ শতাংশ পাশের হার দেখানোর রাজনীতি করা হয়েছে। এমনকি খাতায় না লিখলেও শিক্ষার্থীদের পাশ করিয়ে দিতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর মহল থেকে ধমক দিয়ে বাধ্য করা হতো।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মেরুদণ্ড দুর্বল হয়ে গেলে যেমন পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।
বিএনপির শীর্ষ নেতা বলেন, বিগত সরকারের আমলে অতিরিক্ত রাজনীতিকরণের ফলে শিক্ষার কোয়ালিটি অনেক নিচে নেমে গেছে। বইয়ের পাতায় ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হলেও নৈতিক শিক্ষার স্থান ছিল না। শিক্ষকদের প্রতি রুহুল কবির রিজভী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষক সমাজকেই নিতে হবে। তার দাবি, বিএনপি শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে সচেতন। দলের যে ভিশন ও পরিকল্পনা রয়েছে, তাতে শিক্ষক সমাজ কখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে দেশজুড়ে আগত শিক্ষক-কর্মচারী নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদ। এর আগে সকালে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি নিয়ে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠে অংশ নেন রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সড়ক পরিবহণ শ্রমিক সংগঠনের নতুন সভাপতি নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু।
