কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দুগ্রুপে সংঘর্ষ
সেক্রেটারির গাড়ি ভাঙচুর
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় মহানগর শাখা জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। বুধবার রাতে মহানগর জামায়াতের নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সমর্থকরা সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এ সময় দুই নেতার অনুসারীদের মাঝে সংঘর্ষ ও ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
নগরীর প্রাণকেন্দ্র মোগলটুলী এলাকার ফারুকী হাউজে অবস্থিত দলটির মহানগর কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে ঘটনার পর দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখছে। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন তারা।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুমিল্লা মহানগর জামায়াতের নেতৃত্ব ও পদের বিন্যাস নিয়ে দলের নেতাকর্মীদের একটি অংশের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন কমিটিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নেয়। এর জেরে বুধবার রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে মোগলটুলীর দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
নেতাকর্মীরা জানায়, কাজী দ্বীন মোহাম্মদ গত ৩০ বছর ধরে কুমিল্লা মহানগর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নতুন আমির নির্বাচনের জন্য দলীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে আমির নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে মহানগর শাখার নায়েবে আমির মোসলেহ উদ্দিন ও এমদাদুল হক মামুনকে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এতে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান জ্যেষ্ঠ হিসাবে আমির পদে আলোচনায় চলে আসেন। কিন্তু বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয় এমদাদুল হক মামুনের সমর্থকরা। তাদের ধারণা, মামুনকে কেন্দ্র্রে পাঠানোর পেছনে সেক্রেটারি মাহবুবুর রহমানের হাত থাকতে পারে। হামলা ও সংঘর্ষের ব্যাপারে এমদাদুল হক মামুন ও মাহবুবুর রহমানকে ফোন দেওয়া হলে তারা ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সন্ধ্যার দিকে মহানগর জামায়াতের কার্যালয়ে পূর্বনির্ধারিত সভা চলছিল। এর মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই শুরু করে। এ সময় তারা হট্টগোল করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
