দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সব সম্প্রদায়ের জন্য: রিজভী
Advertisement
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়, এর সর্বজনীন আবেদন সব সম্প্রদায়ের মানুষের জন্য। এ উৎসব মানুষকে সাম্প্রদায়িক সীমারেখা অতিক্রম করে ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করে। সোমবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়, ভ্রাতৃত্বে উদ্বুদ্ধ করে। সেই সীমারেখা সাম্প্রদায়িক হলেও উৎসবের সর্বজনীন তাগিদে অন্য সম্প্রদায়ের মানুষও আনন্দবোধ করেন এবং সংহতি অনুভব করেন।
বিএনপির এই নেতা বলেন, দুর্গাপূজার মূল মর্মবাণী হলো, অসুররূপী সমাজে অসত্যকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে যে বার্তা পাওয়া যায়, তা সর্বজনীন। এটি কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয়। প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ ও সমগ্র মানবজাতির জন্য। দুর্গতিনাশিনী দুর্গা দুর্গতি বিনাশ করে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করেন। সেই বার্তা নিয়েই আমরা ঘরে ফিরতে চাই। সমাজে যারা অবহেলিত ও নিগৃহীত, তাদের তুলে ধরতে চাই। রিজভী বলেন, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক মানুষের কর্মকাণ্ড ও অধিকার সুরক্ষা দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলেছেন, যার যার ধর্ম ও বিশ্বাস থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সবার অধিকার রয়েছে। আমরা এ কথায় বিশ্বাস করি। দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এবার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরের জন্য চালের বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে ৫০০ কেজি চাল দেওয়া হতো, সেখানে সরকার ৬০০ কেজি চাল বরাদ্দ করেছে। এখন থেকে প্রতিটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা সরকারের সম্মানি পাবেন। নির্বাচনের আগে বিএনপি ও তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের কাজ চলছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য হলো- বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করেছে। এক সম্প্রদায়ের উৎসবে অন্য সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছে, একে অপরের আনন্দ ভাগ করে নিয়েছে। বাংলার এই সুমহান ঐতিহ্যের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে, কিন্তু এ দেশের অসাম্প্রদায়িক ও ধর্মপ্রাণ মানুষ তা কখনো বাস্তবায়ন হতে দেবে না।
