ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ডোনাল্ড ট্রাম্প
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে এবার সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন-এই যুদ্ধ শুরু করার জন্য তেহরানই দায়ী। একই সঙ্গে আগের একটি যুদ্ধবিরতিকে তিনি ‘সময়ের অপচয়’ বলে উল্লেখ করেছেন। সোমবার রাতে মিসিসিপি অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প নিজ দল রিপাবলিকান পার্টির এক আইনপ্রণেতার দাবিরই পুনরাবৃত্তি করেন। খবর আল জাজিরা, মিডল ইস্ট আইয়ের।
ট্রাম্প বলেন, সামরিক অভিযানের ফলে তেলের দাম আরও অনেক বেড়ে যাবে বলে তিনি ধারণা করেছিলেন। তিনি বলেন, ‘আমি এই পদক্ষেপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কারণ, আমাদের সামনে আসলে আর কোনো বিকল্প ছিল না। এটা অনেক আগেই করা উচিত ছিল।’ আগের একটি যুদ্ধবিরতির প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওই ব্যবস্থা তার কখনোই খুব একটা পছন্দ ছিল না। তিনি বলেন, ‘আমরা অল্প সময়ের জন্য একটি যুদ্ধবিরতি করেছিলাম, যা আমার কখনোই খুব একটা পছন্দ ছিল না। আমরা ভালো আচরণ করতে চাই। কিন্তু আমার বিবেচনায়, এটা ছিল নিছক সময়ের অপচয়।’
ট্রাম্প আরও দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেগুলো ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও হামলা চালানো সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা (ইরান) সান ডিয়েগোতে হামলা চালাতে পারত। লস অ্যাঞ্জেলেসে হামলা চালাতে পারত। যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও হামলা চালাতে পারত।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরাইল। উপসাগরীয় যে দেশগুলোয় মার্কিন ঘাঁটি আছে, সেগুলোতে হামলা চালিয়ে ইরান পালটা জবাব দেয়। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। প্রাথমিকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। পরে মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছিল।
যুদ্ধবিরতির মধ্যেও উভয়পক্ষ হামলা অব্যাহত রেখেছিল, বিশেষ করে হরমুজ প্রণালি অঞ্চলে। ৮ জুলাই এই যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দেন ট্রাম্প।
