ঢাকা দক্ষিণে বিএনপির আহ্বায়ক সালাম সদস্য সচিব রবিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মহানগর দক্ষিণের কমিটি পুনর্গঠন করেছে বিএনপি। এতে সদস্য সচিব পদে তানভীর আহমেদ রবিন থাকলেও আহ্বায়কের পদে ফিরেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম। রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি পুনর্গঠনের তথ্য জানানো হয়।
ঘোষিত চার সদস্যের আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন আব্দুল কাদির ভুইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকা দক্ষিণে যে আহ্বায়ক কমিটি গঠন করেছিল বিএনপি, তাতে আহ্বায়ক ছিলেন রফিকুল আলম মজনু, সদস্য সচিব ছিলেন তানভীর আহমেদ রবিন। প্রায় দুই বছর পর সিটি করপোরেশন নির্বাচনের তোড়জোড়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হলো।
দক্ষিণের আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্য সচিব করা হয়েছে সংসদ-সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনকে।
এদিকে রোববার দুপুরে ঢাকার দুই মহানগরের নেতারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি চেয়ারম্যান তাদের নানা দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
ঢাকা দক্ষিণের আহ্বায়কের পদ পাওয়া বীর মুক্তিযোদ্ধা সালামও বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের দায়িত্বে রয়েছেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে ডেপুটি মেয়রের পদেও ছিলেন তিনি। এর আগেও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন সালাম। ২০২১ সালে সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য সচিব ছিলেন রফিকুল আলম মজনু। চলতি বছর অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সালাম প্রার্থী হননি। তবে গত নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট ছিলেন তিনি।
ডেমরা-জুরাইনের একসময়ের সংসদ-সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে রবিন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছিলেন, তবে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে হেরে যান তিনি। আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর আগে ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদকের পদেও রয়েছেন। আ ন ম সাইফুল ইসলাম আগের আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক ছিলেন। শ্যামপুর থানা বিএনপির সাবেক সভাপতি তিনি।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল ঢাকা মহানগর উত্তরের দুই সদস্যবিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি আপাতত গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
