আলোচনা সভায় বক্তারা
জিডিপির হিসাবে বড় অসংগতি রয়েছে
অর্থনীতি গণতন্ত্রের না হলে রাজনৈতিক গণতন্ত্র কাজে আসে না -পরিকল্পনামন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব নিয়ে বড় ধরনের অসংগতি পেয়েছে ফরেনসিক অডিট। জিডিপি নিরূপণের ভিত্তি ও তথ্যের নির্ভরযোগ্যতা পর্যালোচনায় এসব গরমিল ধরা পড়েছে। একই সঙ্গে অতীতের পরিসংখ্যান বিকৃতি, দারিদ্র্যের প্রকৃত চিত্র আড়াল এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়মের বিষয়ও উঠে এসেছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী উপদেষ্টার বক্তব্যে এসব তথ্য উঠে এসেছে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অর্থনীতি গণতন্ত্রের না হলে রাজনৈতিক গণতন্ত্র কাজে আসে না।’ তিনি বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তথ্য বা ডেটা। নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা ও সরকারি কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়। পরিসংখ্যান হতে হবে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য, যেন জনগণ, গবেষক ও নীতিনির্ধারকরা এসব তথ্যের ওপর আস্থা রাখতে পারেন। সরকারি তথ্যের কারসাজি করা হলে তা সরকারের নিজের সঙ্গে প্রতারণার শামিল।
তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়। সরকার তথ্যের স্বচ্ছতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। অতীতের ভুলত্রুটি চিহ্নিত করে সেগুলোর সমাধানেও পরিসংখ্যান ও তথ্যের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তথ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকার যত বেশি তথ্য উন্মুক্ত করবে, তত বেশি মানুষের মতামত ও প্রতিক্রিয়া পাবে। এতে ভুলত্রুটি চিহ্নিত করা এবং নীতিনির্ধারণে প্রয়োজনীয় সংশোধন আনা সহজ হবে। গবেষক ও সাধারণ মানুষ যেন সহজে পরিসংখ্যান ব্যবহার করতে পারেন, সে জন্য অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবিএসকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্থার জনবল সংকট ও অন্যান্য সমস্যা সম্পর্কে সরকার অবগত। এসব সমস্যা সমাধানে এরই মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র?্যসীমার নিচে চলে গেছেন। ওই সরকারের সময়ে প্রকৃত চিত্র আড়াল করে পরিসংখ্যানকে মিথ্যাচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরার পরিবর্তে তথ্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।
অতীতের পরিসংখ্যান জালিয়াতির উদাহরণ তুলে ধরে তিতুমীর বলেন, তৎকালীন সরকারের আমলে নৌ-শুমারিতে দেশে ইঞ্জিনচালিত নৌকার সংখ্যা দেখানো হয়েছিল মাত্র ১৩ হাজার। কিন্তু পরবর্তী অনুসন্ধানে প্রকৃত সংখ্যা পাওয়া গেছে দুই লাখ ৬৭ হাজার।
তিনি আরও বলেন, অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা বণ্টনেও ব্যাপক অনিয়ম ছিল। প্রকৃত সুবিধাভোগীরা বাদ পড়েছেন, অন্যদিকে অযোগ্য ব্যক্তিরা সরকারি সহায়তা পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভায়ও সঠিক তথ্যের অভাব এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকায় এ ধরনের অনিয়মের বিষয়টি উঠে আসে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, বিগত সরকারের আমলের জিডিপির হিসাব পর্যালোচনা করে বেশ কিছু গরমিল পাওয়া গেছে। ফরেনসিক অডিটের মাধ্যমে এসব অসংগতি চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে শিগগিরই প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
সাকি জানান, অতীতের জিডিপি হিসাবের ভিত্তি ও নির্ভরযোগ্যতা যাচাই করতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সহযোগিতায় গবেষণা পরিচালনা করা হয়েছে। এতে জিডিপি নিরূপণের ক্ষেত্রে বেশ কিছু গলদ পাওয়া গেছে।
তথ্য সংগ্রহ ও প্রকাশের পদ্ধতিতে পরিবর্তনের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশে মন্ত্রীর স্বাক্ষর বা অনুমোদনের প্রয়োজন হতো। এখন কম্পিউটার অ্যাসিস্টেড পদ্ধতিতে সরাসরি তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য ডেটাবেজে যুক্ত হওয়ার পর তা প্রকাশ করা হচ্ছে। এতে তথ্য প্রকাশে রাজনৈতিক হস্তক্ষেপ বা ইচ্ছামতো পরিবর্তনের সুযোগ কমে গেছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এবং বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক।
