নিউগিনি প্রপার্টিজে হামলা
উলটো আবাসন প্রকল্প মালিকের বিরুদ্ধে মামলা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ইসিবি চত্বরের আবাসন প্রকল্প নিউগিনি প্রপার্টিজে দ্বিতীয় দফায় হামলার ঘটনায় উলটো প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার প্রকল্পে হামলা ও মারামারির ঘটনার পর নুর মোহাম্মদ নামের একজন বাদী হয়ে মামলাটি করেন। নুর মোহাম্মদ ওই প্রকল্পের একটি জমির পাওয়ারমূলে মালিক বলে জানা গেছে। যদিও এই হামলার ঘটনায় ভুক্তভোগী নাজিম উদ্দিনের মামলা নেয়নি ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
জানা গেছে, জমির মালিকানার দাবি নিয়ে শনিবার বিকালে নিউগিনি প্রপার্টিজ প্রকল্পে প্রবেশ করেন শতাধিক মানুষ। ৯৯৯ এ খবর পেয়ে নিউগিনি প্রপার্টিজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ঘটনাস্থল থেকে নারীসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জন শিশু হওয়ায় তাদের পরিবারের কাছে জিম্মায় দেওয়া হয়। বাকি ১২ জনকে রোববার আদালতে পাঠানোয় থানা পুলিশ।
নাজিম উদ্দিন বলেন, যাদের ইন্ধনে আমার প্রকল্পে হামলা হয়েছে। আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলাম। কিন্তু মামলা থেকে বেশকিছু নাম বাদ দিতে পুলিশ পরামর্শ দেয়। আমি নামগুলো বাদ দিতে রাজি না হওয়ায় পুলিশ আমার আমলা নেয়নি। তারা আমার মামলা না নিয়ে আটক আসামিদের ১৫১ ধারায় কোর্টে চালান করে, যা পুরোপুরি আইনবিরোধী। তিনি বলেন, যে অজুহাতে পুলিশ আমার মামলা নেয়নি। সেই হিসাবে তো আমার বিরুদ্ধে মামলা নেওয়ার কথা নয়। কারণ ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তাহলে পুলিশ কেন আমার বিরুদ্ধে মামলা নিয়েছে। আমাকে হয়রানি করতে এমন কৌশল নেওয়া হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, নিউগিনি আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নুর মোহাম্মদ নামের একজন বাদী হয়ে মামলাটি করেছেন। এই ঘটনায় নাজিম উদ্দিনও মামলা করতে থানায় এসেছিলেন। কিন্তু হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না-এমন ব্যক্তিকে আসামি করতে চেয়েছিলেন। এ কারণে তার মামলা নেওয়া হয়নি।
