নতুন মুদ্রানীতির কাজ শুরু
মূল্যস্ফীতি কমলে নীতি সুদের হার কমবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের নতুন মুদ্রানীতি প্রণয়নের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে অংশীজনদের কাছে মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে। ১৭ ডিসেম্বরের মধ্যে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে মতামত দিতে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ডিসেম্বরের শেষ প্রান্তিক পর্যন্ত দেশের সার্বিক অর্থনীতির তথ্য-উপাত্ত এবং অংশীজনদের মতামত পর্যালোচনা করে নতুন মুদ্রানীতি প্রণয়ন করা হবে। ডিসেম্বরের শেষ দিকে এ নীতি ঘোষণা করা হবে। মূল্যস্ফীতি কমলে নীতি সুদের হার কমানো হতে পারে।
সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি ঘোষণার সিদ্ধান্ত নেয়। অর্থনীতির পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে দ্রুত সমন্বয় করে মুদ্রানীতিকে আরও কার্যকর করতেই এ উদ্যোগ। এর অংশ হিসাবে প্রথমবারের মতো ৩০ সেপ্টেম্বর অক্টোবর-ডিসেম্বর মেয়াদের ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা করা হয়। জানুয়ারি-মার্চ প্রান্তিকের মুদ্রানীতি ডিসেম্বরের শেষ দিকে ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বৈশ্বিক পরিস্থিতিতে অস্থিরতা কমার পাশাপাশি নভেম্বরেও মূল্যস্ফীতির হার কমলে নীতি সুদের হার হ্রাসের বিষয়টি বিবেচনা করা হবে। অন্যথায় তা অপরিবর্তিত রাখা হবে। গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, শীতকালীন সবজি ও আমন ধান বাজারে আসায় নিত্যপণ্যের সরবরাহ বাড়বে এবং দাম কমবে। ফলে নভেম্বর ও ডিসেম্বরে মূল্যস্ফীতি আরও কমতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ছাপানো টাকা দিয়ে সরকারকে ঋণ দেওয়ার প্রবণতায় লাগাম টানা হয়েছে। ফলে সরকার আগের নেওয়া ঋণ পরিশোধ করছে, নতুন ঋণ নিচ্ছে না। তবে ব্যাংক ও নন ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিচ্ছে সরকার। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়াতে নীতিসহায়তা দেওয়া হচ্ছে। এতে রপ্তানি খাতে ইতিবাচক পরিস্থিতি ফিরছে এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। পাশাপাশি ঋণ পরিশোধের চাপ কমাতে সহজ শর্তে ও কম সুদে দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ নেওয়ার দিকে ঝুঁকছে সরকার।
পণ্যমূল্য স্থিতিশীল রাখতে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। রমজান উপলক্ষ্যে ১০ ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করা হয়েছে। এসব পণ্যের আমদানিতে সরকারি ব্যাংকে এলসি খুললে উদ্যোক্তারা কম দামে ডলার পাচ্ছেন। এতে আমদানি ব্যয় কমবে। পাশাপাশি বাজার তদারকি বাড়ানো হচ্ছে। উৎপাদন খরচ কমাতে ব্যাংকঋণের সুদের হার কমানোর উদ্যোগও চলছে। নীতি সুদের হার না কমিয়েই ব্যাংকগুলোর অলস অর্থ দিয়ে বিশেষ তহবিল গঠন করে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। এতে বাজারে সুদের হারের চাপ কিছুটা কমতে শুরু করেছে। দীর্ঘদিন নীতি সুদের হার ১০ শতাংশ ছিল। ৩০ জুলাই তা কমিয়ে সাড়ে ৯ শতাংশ করা হয়। তবে মূল্যস্ফীতি আবার বাড়ার কারণে সেপ্টেম্বরে এ হার আর কমানো হয়নি। ব্যবসায়ীরা ঋণের সুদ কমাতে নীতি সুদের হার হ্রাসের দাবি জানাচ্ছেন। অন্যদিকে আইএমএফ নীতি সুদ হার অপরিবর্তিত রাখার জন্য বলেছে। মূল্যস্ফীতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক এ হার এখন কমাচ্ছে না।
