মূল্যস্ফীতি সামান্য কমলেও নেই স্বস্তি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। গত সেপ্টেম্বরে ৮ দশমিক ৩৪ শতাংশ থাকা মূল্যস্ফীতি অক্টোবরে নেমে এসেছে ৮ দশমিক ২৭ শতাংশে। তবে এতে স্বস্তির কোনো লক্ষণ নেই। কারণ খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কিছুটা কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ব্যয় বৃদ্ধির চাপ বেড়েছে। একই সময়ে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কমেছে। ফলে আয়-ব্যয়ের ব্যবধান আরও বাড়ছে, কমছে মানুষের ক্রয়ক্ষমতা।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবরের মূল্যস্ফীতির তথ্যে এ চিত্র উঠে এসেছে।
মূল্যস্ফীতি কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়। বরং আগের বছরের একই সময়ের তুলনায় দাম বাড়ার গতি কতটা কমেছে, তা বোঝায়। অর্থাৎ, ২০২৫ সালের অক্টোবরে কোনো পণ্য কিনতে ১০০ টাকা খরচ হলে ২০২৬ সালের অক্টোবরে একই পণ্য কিনতে খরচ হয়েছে ১০৮ টাকা ২৭ পয়সা।
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮০ শতাংশে। বিপরীতে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। অর্থাৎ খাদ্যের বাইরে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় বৃদ্ধির চাপ আরও বেড়েছে।
গ্রাম ও শহর-উভয় এলাকাতেই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে বেড়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে।
শহরাঞ্চলেও একই প্রবণতা দেখা গেছে। অক্টোবরে শহরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ, সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে।
এদিকে, দীর্ঘমেয়াদি গড় হিসাবেও মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসাবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।
তবে মূল্যস্ফীতির এই নিম্নমুখী প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ছে না মানুষের আয়। বরং মজুরি বৃদ্ধির গতিও কমেছে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে, সেপ্টেম্বরে যা ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ।
কৃষি, শিল্প ও সেবা-তিন খাতেই মজুরি বৃদ্ধির হার কমেছে। অক্টোবরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৫৫ শতাংশ, সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। শিল্প খাতে ৭ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে হয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। আর সেবা খাতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৬ শতাংশে।
বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট। অর্থাৎ পণ্য ও সেবার দাম যে হারে বেড়েছে, মানুষের আয় বেড়েছে তার চেয়ে কম হারে। ফলে মূল্যস্ফীতি সামান্য কমলেও সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতায় স্বস্তি ফেরার সুযোগ তৈরি হয়নি। বরং নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে তাদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে।
