ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর এজলাস থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে কৌশলে তিনি পালিয়ে যান।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর দক্ষিণখান থানায় করা একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। এ কারণে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কাউসার মিয়াকে আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়। তবে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করেন। এরপর আসামিকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতিকালে দায়িত্বরত পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আসামি কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান।
আসামিকে আদালতের হাজতখানা থেকে আনা-নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। তিনি বলেন, আসামি কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় ছিলেন। তার কাস্টডি আনতে আদালতের সামনে যাই। এ সুযোগে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
