Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা আঙ্কারা সম্পর্ক

Icon

আলমগীর মিয়া ও মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর এবং শীর্ষ পর্যায়ের যোগাযোগের মধ্য দিয়ে ঢাকা-আঙ্কারা সম্পর্কে নতুন ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। দুই নেতার এ বৈঠক সেই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ধারাবাহিকতা।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের এটি দ্বিতীয় বৈঠক। এর আগে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউজে তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এরদোগান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

এর আগে মঙ্গলবার সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ১০ থেকে ১২ নভেম্বরের সরকারি সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। কাল সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। তুরস্কের প্রেসিডেন্ট ছাড়াও কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। সেখানে ভিভিআইপি মর্যাদায় তাকে বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। এ সময় বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে স্থানীয় সময় বিকাল ৪টা ৩ মিনিটে তিনি আনতালিয়ায় পৌঁছান।

জুবাইদা রহমানের সঙ্গে এরদোগানের স্ত্রীর সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্ত্রী এমিনে এরদোগান। মঙ্গলবার আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়। সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেন এমিনে এরদোগান। জুবাইদা রহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এমিনে এরদোগান বলেন, সাক্ষাতে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন ও বৈশ্বিক সহযোগিতা এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা আঙ্কারা সম্পর্ক

ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা আঙ্কারা সম্পর্ক

বাংলাদেশ-কোরিয়া চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া

চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সুবিধাবঞ্চিতদের জন্য ই-ঋণ সুবিধা চালু

সুবিধাবঞ্চিতদের জন্য ই-ঋণ সুবিধা চালু

ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম