Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশ-কোরিয়া

চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া

স্যামসাংসহ ২০০ প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে উদ্যোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বড় অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। খসড়া চূড়ান্ত হলে উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে। চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্পের সক্ষমতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে শুল্কসুবিধা হারানোর ঝুঁকি মোকাবিলায় কোরিয়ার সঙ্গে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে মতৈক্য হয়। বৈঠকে সিইপিএর খসড়া চূড়ান্ত করার পাশাপাশি কোরীয় বিনিয়োগকারীদের সমস্যা সমাধান, জাহাজ নির্মাণশিল্পে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিইপিএ দ্রুত চূড়ান্ত করার বিষয়ে কোরিয়া বিশেষ আগ্রহ দেখিয়েছে। দেশটি এরই মধ্যে চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান জানিয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা এখন মূলত চুক্তির খসড়া চূড়ান্ত করা এবং পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দিকে যাচ্ছে।

২০০ প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে উদ্যোগ : বৈঠকে বাংলাদেশে ২০০ কোরীয় প্রতিষ্ঠানের বিভিন্ন পরিচালনাগত সমস্যা তুলে ধরেন রাষ্ট্রদূত কিম জি হুন। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের জন্য গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়ে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালার প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহও দেখান তিনি। জবাবে বাণিজ্যমন্ত্রী এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। স্যামসাংসহ কোরীয় বিনিয়োগকারীদের আমদানি জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরীয় বিনিয়োগকারীদের নিয়ে শিগগিরই যৌথ সমন্বয় সভা আয়োজনের কথা জানান। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনার ব্যয় ও সময় কমবে।

জাহাজ নির্মাণে কোরিয়ার প্রযুক্তি চায় বাংলাদেশ : দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র হিসাবে জাহাজ নির্মাণশিল্পকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এ খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে স্থানীয় প্রকৌশলী ও দক্ষ জনবলকে কাজে লাগিয়ে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছেন রাষ্ট্রদূত। এ বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান এবং হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা আঙ্কারা সম্পর্ক

ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা আঙ্কারা সম্পর্ক

বাংলাদেশ-কোরিয়া চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া

চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সুবিধাবঞ্চিতদের জন্য ই-ঋণ সুবিধা চালু

সুবিধাবঞ্চিতদের জন্য ই-ঋণ সুবিধা চালু

ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম