এলএনজি খালাস
কুতুবজোম এফএসআরইউ বসছে মহেশখালীতে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে এবং জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। কক্সবাজারের মহেশখালীতে জিটুজি পদ্ধতিতে ‘কুতুবজোম এফএসআরইউ’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের দরপ্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজ বৃহস্পতিবারের বৈঠকে উপস্থাপন করা হবে।
ভাসমান এলএনজি টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) হচ্ছে একটি জলযানভিত্তিক টার্মিনাল, যা সামুদ্রিক ট্যাংকার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) গ্রহণ করে এবং তা সংরক্ষণ করে। এছাড়া আজকের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এলএনজি আমদানির দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হতে পারে। প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট আইনের ধারা অনুযায়ী জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড এবং এবং সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিং লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হবে। দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সার ও নিত্যপণ্য আমদানির দরদাম : এদিকে জ্বালানির পাশাপাশি দেশের কৃষি খাতের উৎপাদন অব্যাহত রাখতে সার আমদানিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মরক্কো ও সৌদি আরব থেকে বিপুল পরিমাণ সার আমদানির প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এর মধ্যে জিটুজি পদ্ধতিতে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চুক্তির আওতায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব রয়েছে। পাশাপাশি সৌদি আরবের সাবিক এগ্রি নিউট্রিএন্টস কোম্পানির কাছ থেকে একাধিক লটে ৪০ হাজার টন করে গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে খোলা বাজারে ই-জিপির মাধ্যমে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাবও তালিকায় রাখা হয়েছে। দেশের অবকাঠামো উন্নয়ন খাতে চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও হাসপাতাল নির্মাণ কাজের সংশোধিত প্রস্তাব এবং ভেরিয়েশন অর্ডারের অনুমোদনও প্রক্রিয়াধীন রয়েছে।
