২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়
বিআরটি প্রকল্প বাতিল নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুই হাজার ৮০০ কোটি টাকা খরচে অবকাঠামো নির্মাণের পর বাস না চালিয়ে এবং সেবা চালু না করেই ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিল করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা প্রকল্পটি ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
দেশের বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহণ বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পর এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো? তাদের ভাষ্য, প্রকল্পে কোনো ভুল বা অনিয়ম থাকলে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কিন্তু এর দায় পুরো বিআরটি ব্যবস্থার ওপর চাপিয়ে প্রকল্প বাতিল করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর অ্য বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সভাপতি ও নগর পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মুসলেহ উদ্দিন হাসান।
আরিফুল ইসলাম জানান, ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর বিআরটির নির্ধারিত বাস লেনটি বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো ধরনের সেবা চালু না করে অবকাঠামো নির্মাণের ঠিক আগমুহূর্তে নেওয়া এমন সিদ্ধান্তকে সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন তিনি।
আরিফুল ইসলাম উল্লেখ করেন, ২০০৫ সালের কৌশলগত পরিবহণ পরিকল্পনা, ২০১৫ সালের সংশোধিত পরিকল্পনা, ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানে এই বিআরটি রুট অন্তর্ভুক্ত রয়েছে। এটি চালু হলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নির্ভরতা কমবে এবং নগর অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রকৌশলী শামসুল হক আক্ষেপ প্রকাশ করে বলেন, ২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্পটি দীর্ঘ ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের পেশোয়ারে প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ বিআরটি মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তিদের কেন জবাবদিহির আওতায় আনা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি। পরিবহণ বিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী বলেন, বুয়েটসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি কারিগরি ও আর্থিকভাবে অত্যন্ত সম্ভাবনাময়। এই পথে বিপুলসংখ্যক বাসযাত্রীর যাতায়াতের কথা মাথায় রেখে বিআরটি চালুর পরিকল্পনা করা হয়েছিল, যা সড়ক নিরাপত্তায় বড় ভূমিকা রাখত। বিআরটির সঙ্গে আরও ছয়টি বাস রুট সমন্বয় করার কথা ছিল। এখন হুট করে এই প্রকল্প বাতিল করা হলে ওই বাস রুটগুলোর ভবিষ্যৎও চরম অনিশ্চয়তার মুখে পড়বে।
