কুকুর বাছাই
নেদারল্যান্ডস যাচ্ছেন চার কর্মকর্তা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশের কাজে ব্যবহারের জন্য কুকুর বাছাই ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা। ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা সুবিধাজনক সময়ে ৫ দিনের এ সফর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শরীফুল ইসলামের সই করা এক সরকারি আদেশে এ সফরের অনুমোদন দেওয়া হয়।
সফরকারী কর্মকর্তারা হলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, ১৩ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপকমিশনার (ডিসি) শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা গিয়াস উদ্দিন ইবনে রহমান।
আদেশে বলা হয়, সফরের ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। যাতায়াত ও ট্রানজিট সময়সহ সফরের পুরো সময় কর্মকর্তাদের দায়িত্বকাল (অন ডিউটি) হিসাবে গণ্য হবে। অনুমোদিত সময়ের বেশি তারা বিদেশে অবস্থান করতে পারবেন না। সফর শেষে দেশে ফেরার ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সফরের প্রতিবেদন জমা দিতে হবে।
